উলিপুর সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স খোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উলিপুর সরকারি ডিগ্রি কলেজের বিশাল অবকাঠামো থাকলেও অনার্স কোর্স না থাকায়, নদীভাঙা পাঁচটি উপজেলার ১৬টি কলেজ থেকে প্রতিবছর সহস্রাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এইচএসসি পাস করলেও অর্থের অভাবে অনার্স পড়তে পারছে না। এমনকি জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী অনার্সে ভর্তি হতে পারছে না। এলাকার দরিদ্র ছেলেমেয়েরা খুব কষ্টে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করলেও দরিদ্রতার কারণে তাঁরা অন্য কোথাও গিয়ে অনার্স পড়তে পারে না। ওই সব কলেজের অধ্যক্ষরা জানান, গত দুই বছরে তাঁদের কলেজগুলো থেকে এইচএসসি পাস করা সহস্রাধিক ছাত্রছাত্রী শুধু অর্থনৈতিক সংকটের কারণে অনার্সে ভর্তি হতে পারেনি। এ কারণে তাদের অনেকের লেখাপড়া মাঝপথে থেমে গেছে। উলিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, জেলার একমাত্র কুড়িগ্রাম সরকারি কলেজে কয়েকটি বিষয়ে অনার্স কোর্স থাকলেও সীমিত আসনের কারণে প্রতিবছর পাস করা শিক্ষার্থীদের মাত্র পাঁচ থেকে ১০ শতাংশ ভর্তি হতে পারে। অন্যরা ভর্তি হতে না পারায় উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৬৪ সালে এলাকার কতিপয় দানশীল এবং শিক্ষানুরাগী ব্যক্তির চেষ্টায় উলিপুর সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করা হয়। ১৯৮৭ সালে এটি জাতীয়করণ করা হয়। প্রায় সাত একর জমির ওপর স্থাপিত এই কলেজে বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ অনার্স কোর্স চালু করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সাদিয়াতুন রাস্না, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী মরিয়ম জামিলা ও তাসনিয়া রফিক জানান, উলিপুর কলেজে অনার্স না থাকায় তাঁদের উচ্চশিক্ষার পথ অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, পাঁচপীর কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, বজরা এল কে আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ নাসিমা বানু উলিপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর জোর দাবি করেছেন। তাঁদের মতে, উলিপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু হলে এলাকার দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে।অভিভাবক রেজাউল করিম জানান, উলিপুর সরকারি ডিগ্রি কলেজে অনার্স চালু হলে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীরা বাড়ি থেকেই স্বল্প খরচে উচ্চশিক্ষা লাভ করতে পারবে এবং এলাকারও উন্নয়ন হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ জানান, উলিপুর সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স খোলার জন্য উপজেলা সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন জানান, এই কলেজে অনার্স কোর্স চালুর জন্য প্রয়োজনে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট দাবি জানানো হবে। তিনি অবিলম্বে উলিপুর সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবি জানান। কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ সাবেক মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালককে উলিপুর সরকারি কলেজে অনার্স কোর্স খোলার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।