উলিপুর সরকারি ডিগ্রি কলেজে শুধু নেই আর নেই
শিক্ষক সংকটে কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। এখানে শিক্ষকের ২৪টি পদের ১৫ টিই শূন্য । মাত্র নয়জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এ ছাড়া প্রদর্শকের তিনটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলোও শূন্য। শিক্ষক না থাকায় বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না। ছাত্রী নিবাস, মিলনায়তন, প্রশাসনিক ভবন, গ্রন্থাকার ভবন, অধ্যক্ষের বাসভবন, ডরমেটরি ও অন্যান্য সুবিধাগুলোর অভাব রয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে স্থানীয় লোকজনের সহযোগিতায় এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৭ সালের ১ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। প্রায় সাত একর জমির ওপর প্রতিষ্ঠিত কলেজটির আংশিক সীমানাপ্রাচীর নির্মাণ করা হলেও বাকি কাজ সম্পন্ন না হওয়ায় রাত হলে মাঠে নেশাখোর ও বখাটে যুবকদের আড্ডা বসে। দীর্ঘদিন ধরে কলেজের অধ্যক্ষের পদটি শূন্য থাকায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম অধ্যক্ষের চলতি দায়িত্ব পালন করছেন। কৃষি বিজ্ঞান বিভাগ চালু থাকলেও পদ সৃষ্টি না করায় রসায়নের প্রভাষক প্রশান্ত কুমার পাল কৃষি বিজ্ঞান বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কলেজে যেসব পদ শূন্য রয়েছে সেগুলো হলো: বাংলা (দুজন) , ইংরেজি (একজন), রাষ্ট্রবিজ্ঞান (একজন), ইসলামের ইতিহাস (দুজন), অর্থনীতি (একজন), ব্যবস্থাপনা (একজন) হিসাববিজ্ঞান (একজন), পদার্থবিজ্ঞান (একজন), উদ্ভিদ বিজ্ঞান (দুজন), প্রাণিবিজ্ঞান (একজন), গণিত (একজন) ও রসায়ন বিভাগের একজন সহকারী অধ্যাপকের পদ। পদার্থ বজ্ঞান, রসায়ন ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রদর্শকের পদও শূন্য রয়েছে।এ ছাড়া শরীরচর্চা, অফিস সহকারী, গ্রন্থাগারিক, প্রধান হিসাব রক্ষক, ক্যাশিয়ারসহ চতুর্থ শ্রেণীর পদও শূন্য রয়েছে। কৃষিবিজ্ঞানের ছাত্র আবু সাঈদ জানান, শিক্ষক না থাকায় তাঁদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। রসায়ন বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার পালকে কৃষি বিজ্ঞানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও অনেক সময় ব্যস্ততার কারণে পাঠদান ব্যাহত হয়।বিজ্ঞান বিভাগের ছাত্র শ্রাবন সরকার জানান, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে। এ জন্য তাদের অন্য কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হচ্ছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী মরিয়ম জামিলা ও তাসনিয়া রফিক জানান, শিক্ষক ও প্রদর্শক না থাকায় বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাস হয় না। ব্যবহারিক ক্লাসের মূল্যবান যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রসায়নের শিক্ষক প্রশান্ত কুমার পাল জানান, ‘কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে রসায়ন ছাড়াও আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কৃষি বিজ্ঞানের ক্লাস নিতে হয়। এ ক্ষেত্রে একটু-আধটু সময়ের হেরফের তো হতেই পারে।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম শিক্ষক সংকট এবং অন্যান্য সমস্যার কথা স্বীকার করে বলেন, প্রতি মাসেই শিক্ষক-কর্মচারী সংকট এবং অন্যান্য বিষয়ে শিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবরে রিপোর্ট পাঠানো হলেও অদ্যাবধি এর কোনো সুফল পাওয়া যায়নি।