উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন ৪ বছর ধরে অচল
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন চার বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছে রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কোরিয়া থেকে আমদানি করা এই এক্স-রে মেশিনটি এসি (এয়ার কন্ডিশনার) ছাড়া চালানো যায় না। ২০০৭ সালে এটি চালু করার পর পরই প্যানেল কিবোর্ড নষ্ট হয়ে যায়। নতুন করে প্যানেল কিবোর্ড সংযোজনে চার লাখ ৬৫ হাজার টাকার প্রয়োজন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় এটি সচল করা যাচ্ছে না সরেজমিনে দেখা যায়, এক্স-রে করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ফিরে যাচ্ছেন। এঁদের একজন মোস্তফা কামাল জানান, অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে পড়ে তাঁর বাঁ পা ভেঙে গেছে। গরিব দিনমজুর হওয়ায় তাঁর পক্ষে টাকা খরচ করে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন নষ্ট থাকায় তাঁকে বাধ্য হয়ে কবিরাজি চিকিৎসা নিতে হচ্ছে।ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, হাতিয়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জানান, পাশেই কুড়িগ্রাম-চিলমারী সড়ক। এ সড়কে দুর্ঘটনাকবলিতদের অধিকাংশকেই প্রথমে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু এখানে আহতদের এক্স- রের সুবিধা না থাকায় তাঁদের ছুটতে হয় পৌর শহরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। এ ছাড়া এলাকার হাড়ভাঙ্গা রোগীদেরও একই কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পারুলা বেগম জানান, এক্স-রে মেশিনটি চালু করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এটি সচল হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুজন চন্দ্র বর্মণ জানান, এখানে এক্সরের ব্যবস্থা না থাকায় রোগীদের কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া স্থানীয়ভাবে কোনো ক্লিনিক থেকে রোগীরা এক্স-রে করে আনলে এখানে পরবর্তী চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হাকিম জানান, এক্স-রে মেশিন চালু করতে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য সমন্বয় কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এ কে এম মাঈদুল ইসলামকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।