উলিপুরে অবহেলায় গবাদিপশু
অযত্ন, অবহেলা ও অসচেতনতায় উলিপুর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে প্রতিবছর অগণিত গবাদিপশু মারা যাচ্ছে। ফলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও উলিপুরে পশুসম্পদ বাড়ছে না। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষক, সাধারণ মানুষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপযুক্ত চিকিৎসা ও অদক্ষতা, গ্রাম পর্যায়ে যোগাযোগের সমস্যা, পল্লি চিকিৎসক ও হাতুড়ে কবিরাজদের অচিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় প্রতিবছর লাখ লাখ টাকার গবাদিপশু মারা যাচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুসারে বর্তমানে উলিপুর উপজেলায় গরুর সংখ্যা ৬৪ হাজার ৫০০, মহিষের সংখ্যা তিন হাজার, ছাগল ৩২ হাজার ২৭৫, ভেড়া ১৫ হাজার ২৫০।উলিপুর পশু হাসপাতাল সূত্রে জানা গেছে, এ অঞ্চলের মানুষ গবাদিপশু পালনে এখন তেমন সচেতন না। সঠিক সময়ে গবাদিপশুকে টিকা ও ভ্যাকসিন দেওয়া হয় না। এমনকি গবাদিপশুর প্রসবকালে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয় না। অবহেলা, উদাসীনতা ও অসচেতনতার পাশাপাশি পল্লি চিকিৎসা ও হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় এখনকার গবাদিপশু নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সাধারণত, চর্মরোগ, তড়কা, বাদলা, গলাফোলা, খুরারোগে গবাদিপশু মারা যায়। এ ছাড়া জনবলসংকটে বৃহৎ আকারের এই উপজেলায় পশু হাসপাতালের উদ্যোগেও গবাদিপশুগুলোর সব সময় চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। উলিপুরে দুধের খামার গড়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও সরকারি অব্যবস্থাপনা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে তা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, এখানে গাভির ৫০টি ও গরু মোটাতাজাকরণের ৫০টি এবং ৩০টি ছাগলের খামার রয়েছে। বাজারজাত ও প্রক্রিয়াজাত করার অভাবে প্রতিদিন হাজার হাজার টাকার দুধ নষ্ট হচ্ছে। এ ছাড়া গত দুই বছরে উপজেলার বিভিন্ন এলাকায় চর্মরোগ, খুরা, বাদলা এবং তড়কা রোগে প্রায় ১০০টি গরুর মৃত্যু হয়েছে।হাতিয়া গ্রামের আবুল হোসেন বলেন, প্রাণিসম্পদ অফিসে, যেটিকা দেওয়া হয় তা বিনা মূল্যে পাওয়া যায় না। টাকার বিনিময়ে বিতরণ করা হয়। মাঝেমধ্যে জটিল রোগের চিকিৎসায় বাজার থেকে ওষুধ কিনে এনে গবাদিপশুর চিকিৎসা দিতে হয়। এসব ওষুধের মূল্য বেশি হওয়ায় আমাদের মতো গরিব মানুষের পক্ষে তা সংগ্রহ করা সম্ভব হয় না।বামনাছড়া গ্রামের রণজিৎ কুমার জানান, প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকদের গরু-ছাগলের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে বাড়িতে ডেকে আনলে ফি দিতে হয়। টাকা না দিলে তাঁরা আসতে চান না। ফলে এলাকার গরিব মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসক, কবিরাজ ও পল্লি চিকিৎসকের কাছ থেকে অল্প টাকায় গবাদিপশুর চিকিৎসা নেয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ সংক্রান্ত কোনো অভিযোগও আমি পাইনি। তবে গাভির প্রজননের ক্ষেত্রে ২০ থেকে ১৫ টাকা নেওয়ার বিধান রয়েছে।