উলিপুরে ওয়েল্ডিং কারখানার ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে যত্রতত্র অসংখ্য ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। কুড়িগ্রাম-চিলমারী ব্যস্ততম রোডের দুই ধারে এসব কারখানা গড়ে ওঠায় লোকচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া কারখানায় ওয়েল্ডিংয়ের সময় বের হওয়া অতিবেগুনি রশ্মি সবচেয়ে বেশি ক্ষতিকর। ফলে কারখানা-সংলগ্ন এলাকা ও শহরের পরিবেশ দূষিত হচ্ছে।খোঁজ নিয়ে দেখা গেছে, কুড়িগ্রাম-চিলমারী রোড, চৌমাথা থেকে হাসপাতাল রোড, কলেজ রোড, পূর্বমাথা, উলিপুর সিনেমা হল রোড এলাকায় ওয়েল্ডিং কারখানার সংখ্যা বেশি। উপজেলায় মোট কতটি ওয়েল্ডিং কারখানা আছে এর কোনো সঠিক হিসাব নেই কারও কাছে। উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আক্কাছ আলী বলেন, এসব কারখানার পাশ দিয়ে চলাচল করতে গিয়ে শিশুরা বেশি বিপদে পড়ে। ছাত্রছাত্রীদের কারখানার দিকে না তাকিয়ে চলাচল করতে বলা হয়েছে।উলিপুর পৌর শহরের সমাজসেবক স্বপন সরকার বলেন, পরিবেশের তোয়াক্কা না করেই স্থানীয় একশ্রেণীর ব্যবসায়ী এসব কারখানা গড়ে তুলছেন। কারখানাগুলো নির্জন এলাকায় স্থাপনের অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না।উপজেলার পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল কুদ্দুছ (৪৫) বলেন, ‘ঘাটার (রাস্তা) দুই পাকে ম্যাল্যা ঝালাইয়ের দোকান হইচে। ওইগলার কারেনের মতো চমকানি চোখত আসি নাগলে মাথা ঘুরি যায়।’এ ব্যাপারে কারখানার মালিক মতি মিয়া বলেন, ‘পরিবেশ দূষিত হয় কি না জানি না। তবে বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক কালো চশমা ব্যবহার করে শ্রমিকেরা।’কারখানার শ্রমিক মনোয়ারুল ইসলাম বলেন, ‘শুনেছি বেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর। এবং কাজটি ঝুঁকিপূর্ণ। কিন্তু কী করব, অভাবের কারণে চোখে সমস্যা নিয়েই কাজ করতে হচ্ছে।’অপর একজন কারখানার মালিক জানান, পরিবেশদূষণ ও মানুষের কথা চিন্তা করে রাতেই বেশি কাজ করা হয়। উলিপুর পৌরসভার মেয়র হায়দার আলী বলেন, শহরে এ ধরনের কারখানা স্থাপনে পৌরসভা থেকে অনুমতি দেওয়া হয়নি। এটা দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। কিন্তু উলিপুরে পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস নেই। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান হাকিম বলেন, এসব কারখানার বেগুনি রশ্মির কারণে চোখে ছানি পড়া রোগ হয় ও দৃষ্টিশক্তি কমে যায়। এ ছাড়া চোখের রেটিনা নষ্ট এমনকি চোখ অন্ধও হয়ে যেতে পারে।