উলিপুরে গণকবরগুলো এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে ডাকবাংলোসংলগ্ন গণকবরগুলো চিহ্নিত না থাকায় একশ্রেণীর মানুষ সেখানে দোকানপাট তৈরি করে ব্যবসা-বাণিজ্য করছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বা প্রশাসন কর্তৃক গণকবরগুলো সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সেগুলো যেন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড থেকে এই পৈশাচিক হত্যাকাণ্ডে নিহত শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি বা স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিন ছাড়া কেউই সেখানে যান না। রাত হলে ওই স্মৃতিসৌধকে ঘিরে মাদকসেবীদের আড্ডা বসে। স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে একটি মাদক বেচাকেনার দোকান।এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অযত্ন, অবহেলায় গণকবর ও স্মৃতিস্তম্ভ পড়ে থাকায় কৌতূহলী মানুষ ছাড়া কেউই এ প্রসঙ্গে জানতে চান না বা খোঁজখবর নেন না। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস কেবলই রূপকথার গল্পের মতো। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা উলিপুর শহরসহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ধরে এনে অত্যাচার, নির্যাতন ও নির্মমভাবে হত্যা করার পর উলিপুর পূর্বমাথা রেললাইনের ধারে অবস্থিত ডাকবাংলো এবং এর আশপাশে মাটিচাপা দিত। উলিপুর ডাকবাংলোটি ছিল সেই সময়ে একটি টর্চার সেল। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর উলিপুর পাকিস্তানি হানাদারমুক্ত হলে স্থানীয় লোকজন মৃত দেহগুলো ডাকবাংলোর আশপাশে, রেললাইনের পাশের পুকুর ও উলিপুর সরকারি কলেজের পুকুরসংলগ্ন উঁচুজমিতে কবর দেয়।উলিপুরের বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক হরি গোপাল সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী যাদের অত্যাচার ও নির্যাতন করে হত্যা করেছে, তাদের অবদানকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা। তিনি গণকবরগুলো চিহ্নিত করে নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরার দাবি জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান জানান, আর্থিক সংকটে গণকবরগুলো সংস্কার ও চিহ্নিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, ইতিপূর্বে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় অনেকে গণকবরের ওপর অবৈধভাবে দোকানপাট করে ব্যবসা-বাণিজ্য করছে। এগুলো উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। অর্থ সংগ্রহের কাজ চলছে। আগামীতে গণকবরসহ শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভটি সংস্কার ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।