ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতায় কুড়িগ্রামের উলিপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গত মঙ্গলবার মারা গেছেন।উলিপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উপজেলার মোট ১৩টি ইউনিয়নে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাতিয়া ইউনিয়নের দিগল হাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে। এরপর সদস্য প্রার্থীদের প্রাপ্ত ভোট জানিয়ে দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপজেলা সদরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। তখন চেয়ারম্যান প্রার্থীদের লোকজন ফলাফল ঘোষণা দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এর পরও কর্মকর্তারা তা ঘোষণা না করে পুলিশ পাহারায় ব্যালট বাক্স নিয়ে চলে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। তখন লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশ ও কর্মকর্তাদের ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এ সময় স্কুলছাত্র বায়েজিদ হাসান ও নাজমুল আলম গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও কমপক্ষে ২০ জন। এরপর জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গাছপালা ফেলে রাস্তা বন্ধ করে দেয়। রাত নয়টার দিকে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়লে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।গুলিবিদ্ধ বায়েজিদ, নাজমুলসহ আহত ব্যক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে বায়েজিদ মারা যায়। নাজমুলের অবস্থাও আশঙ্কাজনক। তাকে মঙ্গলবার রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলে, ‘পুলিশ প্রথমে আমাদের মারধর করে। পরে আমার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পুলিশের গুলিতেই বায়েজিদ নিহত হয়েছে।’ কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে বায়েজিদ মারা গেছে। নাজমুল আলম পেটে গুলিবিদ্ধ হয়েছে।নিহত বায়েজিদ বাগুয়া অনন্তপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সে তাঁতিপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। আর নাজমুল আলম নতুন অনন্তপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ছিনতাইয়ের চেষ্টা ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গতকাল বুধবার উলিপুর থানায় মামলা করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকতারুল করিম। মামলায় অজ্ঞাত দু-তিন হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, স্থানীয় লোকজনই আগে কর্মকর্তাসহ পুলিশের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থেই পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। পুলিশ মোট ১৪টি গুলি ছোড়ে বলে ওসি জানান।ফুলপুর: প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার তারাকান্দা থানার ১০টি ইউনিয়নে নির্বাচন হয় ২ জুন। নির্বাচনে রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাটি গ্রামের নাজিরুল হক তালুকদার ও রিয়াজ উদ্দিন। তাঁরা দুজনই পরাজিত হন। নির্বাচনের পর থেকে তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ১৫ জুন রিয়াজ উদ্দিন স্থানীয় কাশীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। রাতে লাশ গ্রামে নিয়ে আসার পর উত্তেজনা দেখা দেয়। এ সময় নাজিরুল হক, ভাতিজা আলী আকবর ও আবুলের বাড়িতে আগুন দেয় লোকজন। পরে ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।রিয়াজ উদ্দিন তারাকান্দা থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস খন্দকার বলেন, রিয়াজ উদ্দিনের ওপর হামলার পরদিন হত্যাচেষ্টার অভিযোগে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। মামলায় নাজিরুল হক ও তাঁর লোকজনকে আসামি করা হয়।