উলিপুরে ঝুঁকিহ্রাস ঋণের দেড় লাখ টাকা অনাদায়ী
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত জোট সরকারের আমলে দেওয়া ঝুঁকিহ্রাস ঋণের টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। এক বছর মেয়াদি এ প্রকল্পের সময় ২০০৭ সালের ডিসেম্বরে শেষ হয়। কিন্তু এখনো এক কোটি ৪৫ লাখ টাকা অনাদায়ী রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫-২০০৬ অর্থবছরে চারদলীয় জোট সরকার এই ঋণ প্রকল্প চালু করে। এতে দুস্থ ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যেই ঋণ বিতরণ করা হয় বলে অভিযোগ আছে। উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, বিগত জোট সরকারের শেষ দিকে অগ্রণী ব্যাংক উলিপুর শাখা থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট এক হাজার ৭৮৪ জনের মধ্যে এক কোটি ৫০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে থেতরাই, বুড়াবুড়ী, হাতিয়া ও বজরা ইউনিয়নে ৩২১ জন এবং বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নে ২৫০ জনের মধ্যে এই ঋণ দেওয়া হয়। চার ভাগ সার্ভিস চার্জসহ পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। উলিপুর প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এ পর্যন্ত চার লাখ ১৭ হাজার টাকা আদায় করতে পারলেও অবশিষ্ট টাকা আদায় করতে পারছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, ঋণ নিয়ে অনেকেই মনে করেছেন এ অর্থ আর সোধ করতে হবে না। বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এলে ঋণ মওকুফ হয়ে যাবে। ফলে অনেকেই দু-এক কিস্তি দিলেও বাকিটা এখনো পরিশোধ করেননি।থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুুর রশিদ বলেন, ঝুঁকিহ্রাসের টাকা উত্তোলনে গ্রহীতাদের মধ্যে ব্যাপক সাড়া থাকলেও ঋণ পরিশোধে তাঁদের আগ্রহ নেই। তাঁদের ধারণা, সরকারি এ টাকা পরিশোধ করতে হবে না। বিভিন্ন ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা যায়, তারা ঋণের টাকা আদায় করতে না পেরে সংশ্লিষ্ট কাগজপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান শাহাজামাল বলেন, ‘ঋণের অনাদায়ী টাকা আদায়ের চেষ্টা করছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়কে জানিয়েছি।’বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, ঘুর্ণায়মান এই ঋণের ব্যবস্থাটা ভালো ছিল। কিন্তু শতভাগ আদায় না হওয়ায় পরে আর কাউকে ঋণ দেওয়া সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান বলেন, ‘যখন ঋণ দেওয়া হয়েছে তখন আমি এই উপজেলায় কর্মরত ছিলাম না। জনবল সংকটে ইচ্ছা থাকলেও ঋণ আদায় সম্ভব হচ্ছে না। তবে উপজেলা ঝুঁকিহ্রাস ঋণ কমিটির সঙ্গে বৈঠক করে ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ বলেন, আজ হোক, কাল হোক সরকারি ঋণগ্রহীদের ফেরত দিতেই হবে। ফেরত না দিলে ঋণ আদায়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।