উলিপুরে বিদ্যালয়ের মাঠে গরুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয় মাঠে ১০ বছর ধরে গরু-ছাগলের হাট বসছে। এতে ময়লা-আবর্জনায় বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত এবং খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে দেড় হাজার শিক্ষার্থী। প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবার এই হাট বসে।বিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার হাট বসায় মাঠটি অপরিষ্কার হয়ে পড়ে। পরদিন শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গন্ধের সম্মুখীন হয়। অনেক সময় তাদের মাঠটি পরিষ্কার করতে হয়। মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস চলার সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল চারটা হলেও বিকেল তিনটার মধ্যে হাট বসায় ওই দিন আগেই স্কুল ছুটি হয়ে যায়। বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছাড়া এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় মাঠে পশুর হাট বসানোয় এলাকার সচেতন মানুষ ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মোটা অঙ্কের ইজারার বিনিময়ে ১০ বছর আগে বিদ্যালয় পরিচালনা কমিটি মাঠটিতে হাট বসার অনুমতি দেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুুক বিদ্যালয়টির একজন শিক্ষক অভিযোগ করেন। এ ছাড়া ইজারাদার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অনেকটা গায়ের জোরেই তিনি কার্যক্রম চালিয়ে আসছেন।নবম শ্রেণীর ছাত্রী পন্নী রানী (১৪), রিমি আক্তার (১৪) ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাহাবুর জানায়, গরু-ছাগলের হাট বসায় গোবরের দুর্গন্ধে মাঠে খেলাধুলা তো দূরের কথা, শ্রেণীকক্ষেও থাকা যায় না। তাঁরা অবিলম্বে হাটটি অন্য জায়গায় সরানোর দাবি জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান, হাটটি কীভাবে চলছে, তা তিনি জানেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম জানান, হাট বসানোর বিষয়ে তিনি কোনো কাগজপত্র পাননি। তবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবেদ আলী বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে বার্ষিক ডোনেশন দিয়েই হাটটি চলছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে হাট বসানোর অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে যারাই হাট বসাক, কাজটি ভালো হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ জানান, ১০ বছর ধরে ওই মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক হাট বসানোর বিষয়টি তিনি জেনেছেন। বিকল্প জায়গার ব্যবস্থা না করে হাটটি সরানো যাচ্ছে না বলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে।