উলিপুরে মঙ্গা তাড়াতে ভাদই ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে মঙ্গা তাড়াতে স্থানীয় কৃষকেরা নিজ উদ্যোগে প্রথমবারের মতো ভাদই ধানের চাষ করছেন। এখন চলছে কাটা-মাড়াইয়ের কাজ। এদিকে ভাদ্র মাসে মাঠে কাজ থাকায় কৃষকেরাও বেজায় খুশি। এবার কাজের সংকট না থাকায় এ অঞ্চলের দিনমজুরদের মঙ্গার কবলে পড়তে হয়নি। এ ছাড়া সরকারিভাবেও ওএমএস, ভিজিএফ, ভিজিডি কর্মসূচি চালু থাকায় ভাদ্রে মঙ্গা এড়ানো সহজ হয়েছে। জেলা কৃষিবিদেরা জানান, কুড়িগ্রামের কৃষকেরা আগে কেবল আউশ ও আমন চাষ করতেন। বগুড়া ও দিনাজপুর অঞ্চলে দেখে তাঁরা উত্সাহিত হয়েছেন ভাদই ধান চাষে। উপজেলার ধামশ্রেণী, ধরণীবাড়ী, গুনাইগাছ, বজরা, তবকপুর ও নদীভাঙা হাতিয়া ও থেতরাই ইউনিয়নের সহস্রাধিক কৃষক নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে ভাদই (৪০ জাত) ধানের চাষ করেছে। ধামশ্রেণী কাশিয়াগারি এলাকার কৃষক আমজাদ হোসেন (৩৬) ও মাহফুজার রহমান (৫০) জানালেন, নতুন জাতের ভাদই ধান আবাদ করতে বীজ সংগ্রহ করতে হয়েছে দিনাজপুর থেকে। সেচ ও সারের খরচ কম হলেও পোকামাকড়ের আক্রমণ ছিল খুব বেশি। তা ছাড়া এ সময় মাঠে পাখির উত্পাতও দেখা দেয়। কৃষক ইমান আলী, জব্বার আলী, আ. হামিদ, আ. জব্বারসহ অনেকেই জানান, বোরো ধান কাটার পরপরই অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই ভাদই ধানের চারা রোপণ করলে শ্রাবণের মাঝামাঝি সময়ই ফসল ঘরে তোলা যায়। এরপর যথারীতি আমন ধানেরও আবাদ করা সম্ভব হয়। একই জমিতে তিনবার ধান আবাদ করে ঘরে তোলার উপায় জানা না-থাকায় এত দিন এই ভাদই ধান আবাদ তাঁদের পক্ষে সম্ভব হয়নি। উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান জানান, তিনি এ বছর জমিতে দুই হেক্টর জমিতে ভাদই ধানের চাষ করে আশাতীত ফল পেয়েছেন। অনেক কৃষকই এখন এ ধান চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে তাঁর বাড়িতে আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এ বছর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। ভবিষ্যতে এ ধানের চাষ বাড়াতে কৃষকদের উত্সাহিত করা হবে।