উলিপুরে স্বেচ্ছাশ্রমে জনপদ রক্ষার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্রের ভাঙন থেকে বিস্তীর্ণ জনপদ রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উলিপুর উপজেলার হাতিয়া এলাকার মানুষ। তারা নদীতে পাইলিং দিয়ে শাখা নদীর গতিপথ পরিবর্তন করে ১৩টি গ্রাম রক্ষার উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা চাঁদা দিয়ে এবং বিভিন্ন ব্যক্তির অনুদান নিয়ে তহবিল গঠন করেছে। স্থানীয়ভাবে সংগ্রহ করেছে বাঁশ ও চাটাই। ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে হাতিয়া বাঁচাও বাস্তবায়ন কমিটির সভাপতি স্বপন সরকার জানান, বাঁশের পাইলিং দিয়ে নদীর গতিপথ পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা। চার হাজার বাঁশ, পাঁচ হাজার বস্তা ও বাঁশের চাটাই। ইতিমধ্যে তারা এ কাজের ৬০ শতাংশ শেষ করেছে। বাকি সব কাজ হলে ভাটির বিস্তীর্ণ এলাকায় চর পড়বে। ভাঙনপ্রবণ এলাকা থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বালুকাময় বিশাল চর দিয়ে নদী চলে যাবে। রক্ষা পাবে বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের ১৩টি গ্রামের ১০ হাজার পরিবারের সহায়-সম্বল। গ্রামগুলো হচ্ছে—অনন্তপুর, কুমারপাড়া, কামারটারী, হাতিয়া ভবেশ, দাগারকুঠি, নয়াডারা, নয়াগ্রামসহ অন্যান্য।কয়েক দিন আগে সরেজমিনে হাতিয়া ইউনিয়নের গুঁজিমারীর চরে গিয়ে দেখা গেছে, কাজ করে চলেছে গ্রামের লোকজন। গত এক মাস আগে কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম ও উলিপুর উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন ওই এলাকা পরিদর্শন করে ২০ টন চাল বরাদ্দ দিয়েছেন। অনন্তপুর বাজারের ব্যবসায়ী আব্দুল ওহাব, কৃষ্ণপদ দেব এবং ইউপি সদস্য আবুল হোসেন জানান, পাইলিংয়ের কাজ সম্পন্ন হলে হাতিয়া ইউপি ভবন, অনন্তপুর বাজার, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, আশ্রয়কেন্দ্রসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষা পাবে।হাতিয়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জানান, ব্রহ্মপুত্রের ভাঙনে এ এলাকার জনপদ, বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক কিছুই নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বারবার আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। সে কারণেই এলাকার ক্ষুব্ধ লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেদের বসতবাড়ি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্পদ রক্ষায় পাইলিংয়ের কাজ করে যাচ্ছে। তাদের আশা, পাইলিংয়ের ফলে নদীর গতিপথ পরিবর্তন হবে এবং রক্ষা পাবে স্থাপনা ও সম্পদ।