উলিপুরে স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ছ’আনি এলাকায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসী। তিন মাস আগে ধরলা নদীর ভাঙন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষায় এলাকাবাসী চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে এ কাজে হাত দেয়। মাঝপথে অর্থসংকট দেখা দিলে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসন তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে। এলাকাবাসী জানায়, ধরলা নদীর ভাঙনে প্রতিবছর তাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। বসতবাড়ি, জমির ফসল কিছুই রক্ষা পায় না ভাঙনের কবল থেকে। ভাঙনের কবলে পড়ে এলাকার ধনাঢ্য ব্যক্তিরাও দিন দিন নিঃস্ব হয়ে পড়ছেন। অনেকেই এলাকা ছেড়ে পরিবার-পরিজন নিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে দুঃসহ জীবনযাপন করছেন। ভাঙন থেকে বাঁচতে বুড়াবুড়ি ইউপি সদস্য আব্বাস আলী, আবদুর রহিম ও ইউপি চেয়ারম্যান আজগার আলী এলাকাবাসীকে নিয়ে বৈঠক করে বাঁধ দেওয়ার পরিকল্পনা করেন। এলাকাবাসী সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুরু হয় বাঁধ নির্মাণের কাজ। তাদের ধারণা, বাঁধ নির্মিত হলে পাঁচ সহস্রাধিক একর জমি আবাদের অওতায় আনা যাবে। ভাঙনের কবল থেকে রক্ষা পাবে এলাকার ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান।স্বেচ্ছাসেবী আলিম উদ্দিন (৫০) জানান, বাঁধ নির্মাণ শেষে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন রোধ হবে। পাশাপাশি বিচ্ছিন্ন চর কলাকাটা, জলংগারকুঠি, কিশামত ফুলবাড়ী, চর মোহাম্মদপুর, পূর্ব মোহাম্মদপুর, ফকিরের চরসহ দেলদারগঞ্জ হাটের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে। স্বেচ্ছাসেবী কলেজছাত্র মাসুদ রানা (২২), সুলতান (২০), চাঁদ মিয়া (২১), হাকিম (২০), নওশের আলী (২৫), কফিল (২১) ও রঞ্জু (২২) জানান, অস্তিত্ব রক্ষার্থে এই বাঁধ তৈরির কাজে তাঁরা দিনরাত পরিশ্রম করছেন। এ ছাড়া বিচ্ছিন্ন চরের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকারও নিশ্চিত করা যাবে।বুড়াবুড়ি ইউপি সদস্য আবদুর রহিম ও শামসুল হক জানান, কাবিখা ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে বাঁধের দু’ধারে বালুভর্তি বস্তা বসানোর কাজ চলছে। এতে নদী ভাঙনের হাত থেকে বাঁধটি রক্ষা করা সহজ হবে।বুড়াবুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আবদুল করিম বলেন, এ ধরনের উদ্যোগ সচরাচর দেখা যায় না। মাঝেমধ্যে অন্য এলাকার সংবাদ পত্রিকায় দেখি। এবার নিজের এলাকায় এ ধরনের উদ্যোগ দেখে আমি যারপর নাই খুশি হয়েছি। এটি একটি প্রসংশনীয় উদ্যোগ।ইউপি চেয়ারম্যান আজগার আলী জানান, নির্মিত বাঁধটি রাস্তা হিসেবেও ব্যবহার করা যাবে। এ ছাড়া দেলদারগঞ্জে অবস্থিত গণস্বাস্থ্যকেন্দ্র পরিচালিত ক্লিনিক থেকে চরের মানুষ স্বাস্থ্যসেবা পাবে।