উলিপুরে ১০ হেক্টর জমির বোরো আবাদ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে প্রায় ১০ হেক্টর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। দিন-রাতে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ মিলছে না। ফলে সেচসংকটের কবলে পড়েছে বিপুল পরিমাণ জমির বোরো আবাদ। জমিতে সেচ দিতে না পেরে কৃষকেরা বিপাকে পড়েছেন। অনেক জমি ফেটে চৌচির হয়ে গেছে। পল্লী বিদ্যুতের অভিযোগ, বিদ্যুতের এ পরিস্থিতিতে পিডিবির লোড ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বৈষম্য করছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় পানির অভাবে জমি ফেটে চৌচির হয়েছে। উলিপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, এই জোনের আওতায় এক হাজার ৮২২টি পাম্প চালু রয়েছে। পিডিবি পল্লী বিদ্যুৎকে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ না করায় এ বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার গুণাইগাছ ইউনিয়নের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘সেচঘরে রাত জেগে আমার মতো অনেক কৃষক বিদ্যুতের অপেক্ষায় থাকেন। কিন্তু বিদ্যুৎ এক ঘণ্টার বেশি স্থায়ী না হওয়ায় অনেকের জমিতে পানি নেওয়া সম্ভব হয় না, ফলে তাঁরা হতাশায় ভুগছেন।’উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাহিদুল ইসলাম একটি গভীর নলকূপ চালান। তাঁর নলকূপের আওতায় ১০০ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়ে থাকে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্র দিয়ে সেচ দেওয়া যাচ্ছে না। বোরো ধানের জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। এই অবস্থায় কৃষকদের বোরো জমিতে সেচ দিতে না পারলে তাঁর অনেক ক্ষতি হয়ে যাবে।তবকপুর ইউনিয়নের কৃষক লুত্ফর রহমান, বামনাছড়ার কৃষক সামছুল হক, বজরা ইউনিয়নের কৃষক আবদুল হাইসহ অনেকেই বলেন, ‘আমাদের এলাকার বিদ্যুতের এ দুর্দশার কথা পত্রিকায় লিখলে আমরা বিদ্যুৎ পাব। বাঁচাতে পারব বোরোখেত।’ তাঁরা জানান, নিকট অতীতে এ রকম বিদ্যুৎ-সংকট হয়নি। এই অবস্থা অব্যাহত থাকলে বোরোর আবাদ একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।উপজেলার থেতরাই ইউনিয়নের কৃষক এরশাদুল হক জানান, এবার বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দেওয়ায় চড়া দামে চারা কিনে লাগানো হয়েছে। কিন্তু বিদ্যুতের আসা-যাওয়ার কারণে এ বছর কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না। তাঁদের অভিযোগ, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অনেকের সেচ-পাম্প নষ্ট হয়ে গেছে।কুড়িগ্রামের পল্লী বিদ্যুতের জি এম মনজুর-উর রশিদ জানান, কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিকে উত্তর ও দক্ষিণ দুটি জোনে ভাগ করা হয়েছে। দক্ষিণ জোনে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা এবং উত্তর জোনে উলিপুর উপজেলার দুর্গাপুর, উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার নাজিমখাঁ বাজার রয়েছে। এ দুই জোনের মোট বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে আট মেগাওয়াট। দক্ষিণ জোনে বিদ্যুতের চাহিদা আট মেগাওয়াট। এর মধ্যে উলিপুরে তিন মেগাওয়াট, দুর্গাপুরে তিন মেগাওয়াট এবং চিলমারীতে দুই মেগাওয়াট। কিন্তু উলিপুর জোনে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র দুই মেগাওয়াট। ফলে দিন-রাতে মিলে ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এ বছর ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে তিনি জানান, সমস্যা নিরসনে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া উপজেলা সমন্বয় কমিটির সভায় বিদ্যুতের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুতের উন্নতি না হলে উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে, তবে কৃষকদের বিদ্যুতের ওপর নির্ভর না করে ডিজেলচালিত শ্যালো দিয়ে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।