উলিপুরে ৬০ মাস ধরে বেতন পাচ্ছেন না গ্রামপুলিশরা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪০ জন গ্রামপুলিশ দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এঁদের মধ্যে ১২৭ জন চৌকিদার ও ১৩ জন দফাদার রয়েছেন।এসব গ্রামপুলিশ জানান, দফাদারের বেতনের এক হাজার টাকা সরকার ও ৬০০ টাকা ইউনিয়ন পরিষদ থেকে এবং চৌকিদারের ৭৫০ টাকা সরকার ও ৬৫০ টাকা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়ার কথা। কিন্তু সরকারি অংশের টাকা তিন মাস এবং ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া টাকা ৬০ মাস ধরে বকেয়া পড়ে আছে। এ অবস্থায় গ্রামপুলিশরা ধার-দেনা করে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন।গ্রামপুলিশ মহুবর রহমান জানান, তাঁদের মোট বকেয়ার পরিমাণ ১৪ লাখ ৮০ হাজার ৫৬১ টাকা। এ ছাড়া মৃত্যু ও অবসরে যাওয়া চৌকিদারদের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার ৯১০ টাকা। পাশাপাশি বছরে জনপ্রতি এক সেট করে পোশাক পাওয়ার কথা থাকলেও ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরের পোশাক এখন পর্যন্ত দেওয়া হয়নি।বেতন ছাড়া এভাবে কাজ করতে তাঁদের কষ্ট হচ্ছে বলে উপজেলা গ্রামপুলিশ সমিতির সভাপতি তছলিম উদ্দিন জানান। তছলিম উদ্দিন আরও বলেন, ইউনিয়ন পরিষদের চিঠি বিলি, ভিজিএফ-ভিজিডি বিতরণে অংশ নেওয়া, ট্যাক্স আদায়, রাত জেগে মহল্লা ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া, প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়া, আসামিদের সমন জারির ব্যাপারে সহযোগিতা করাসহ প্রতিদিন হাজারো কাজ করলেও তাঁদের ভাগ্য বদলে কোনো সরকারই প্রতিশ্রুতি রক্ষা করেনি।তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ হোসেন বলেন, গ্রামপুলিশরা পরিবার-পরিজন নিয়ে যেভাবে মানবেতর জীবন যাপন করছেন, তা কাম্য নয়। সরকার একটু সদয় হলেই তাঁদের অবস্থার পরিবর্তন হতে পারে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘গ্রামপুলিশরা কষ্টে আছেন, এ কথা সত্যি। কিন্তু তাঁদের এ সমস্যার সমাধান করতে পারে একমাত্র সরকার। এখানে আমার সহানুভূতি প্রকাশ ছাড়া কিছুই করার নেই।’