উল্টে পড়েছে পাঁচ তলা বাড়ি, অনেক মানুষ আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের মধ্যবেগুন বাড়ির ঝিলের ওপর গড়ে ওঠা একটি পাঁচতলা বাড়ি আজ মঙ্গলাবার রাতে হঠাৎ উল্টে পড়েছে। এতে ওই ভবনের আশপাশের অন্তত পাঁচটি তিন তলা টিনশেড বাড়ি চাপা পড়ে। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। গতকাল রাত একটায় প্রতিবেদন লেখার সময় ভবনের ভেতরে আটকা পড়া চারজন পুরুষ ও একজন নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন দাবি করেন, উল্টে পড়া ভবনসহ চাপা পড়া তিনটি বাড়িতে অনেক মানুষ আটকা পড়ে আছে। ফায়ার কর্মকর্তারা জানান, সরু রাস্তার কারণে ফায়ারের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ১৮/বি, মধ্যবেগুনবাড়ি পোস্ট অফিসের ঢালে একটি ঝিলের ওপর পিলার করে আব্বাসউদ্দিন বাড়ি নির্মাণ করে। কিছুদিন আগে ওই বাড়ির পাঁচতলার কাজ শুরু হয়। আব্বাসউদ্দিনের বাড়ি ঘেষে গড়ে উঠেছে অসংখ্য দ্বিতীয় তলা ও তৃতীয় তলা টিনশেড বাড়ি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১ টার দিকে বিকট শব্দে আব্বাসউদ্দিনের পাঁচতলা বাড়িটি উল্টে পড়ে যায়। এ সময় চিত্কার ও কান্নার শব্দে আশপাশের লোকজন দৌড়ে আসেন। তারা দেখতে পান আব্বাসউদ্দিনের পাঁচতলা বাড়িটি পড়ে আছে। এই বাড়ির নিচে চাপা পড়ে আছে জব্বার, ছোট মনির ও ওয়াজিউদ্দিন হাজির টিনশেডসহ আরও কয়েকটি বাড়ি। ঘটনার পর স্থানীয় লোকজন স্থানীয়ভাবে গ্যাসের লাইন বন্ধ করে দেয়। পরে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।