উল্টো কলিংউডেরই সমালোচনায় ডাকওয়ার্থ সাহেব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমিত ওভারের ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি এক চিরন্তন বিতর্কের নাম। একদিনের ক্রিকেটে কিংবা টি-টোয়েন্টিতে ম্যাচ চলার সময় বৃষ্টি বিঘ্ন ঘটালে কিংবা কোনো কারণে ম্যাচ বন্ধ হয়ে গেলে সেই খেলার ফল নির্ধারণে ডাকওয়ার্থ ও লুইস নামের দুই ইংরেজ ভদ্রলোকের তৈরি বিশেষ এই পদ্ধতি নিয়ামকের ভূমিকা রাখে। গাণিতিক হিসাবের মারপ্যাঁচে তৈরি এই বিশেষ আইন অনেক সময় ক্রিকেটে বিভিন্ন দলের কান্নার কারণ হয়েছে। ১৯৯২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেই দুঃখজনক বিদায়ের মুহূর্তটি ক্রিকেটমোদী মাত্রই ভুলে যেতে পারবেন না। ২০০৩ সালে সেই দক্ষিণ আফ্রিকাই ডাকওয়ার্থ-লুইসের জটিল হিসাবে ভুল করে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। ডাকওয়ার্থ-লুইসের জটিলতার মারপ্যাঁচে পড়ে এক দক্ষিণ আফ্রিকারই দুটি মর্মন্তুদ আর্তনাদ ক্রিকেট ইতিহাস হয়ে রয়েছে। সেই চিরকালীন বিতর্ক আবার মাথাচাড়া দিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই ডাকওয়ার্থ এবং লুইস সাহেবের দেশ ইংল্যান্ড ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির শিকার হওয়ার পর। প্রথমে ব্যাট করে ১৯১ রান করেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির প্রয়োগে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে আট উইকেটে। খেলা শেষে কোনো রকম রাখঢাক না রেখে ইংলিশ অধিনায়ক পল কলিংউড ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির ওপর হয়েছেন বেজায় খড়্গহস্ত। তিনি সরাসরি এই আইনটি বাতিলের দাবি জানিয়েছেন। তিনি ওয়ানডে ক্রিকেটে না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিকে চরম অসামঞ্জস্যপূর্ণ ও অবাস্তব একটি পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির গাণিতিক মারপ্যাঁচের শিকার হলো। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে সেই ম্যাচে ৬ উইকেটে ১৬১ রান করার পরও বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দেওয়া হয় নয় ওভারে ৮০ রান। সেই খেলায় ওয়েস্ট ইন্ডিজ জয় পায়। তবে ইংলিশদের ধারণা, বৃষ্টির কারণে খেলাটি বন্ধ না হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিততে পারত না। টি-টোয়েন্টি ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির প্রয়োগে রান তাড়া করা দল একটা সুবিধা পায়—এটা বলেছেন অনেকেই। এমনকি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গত সোমবার ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইলও স্বীকার করেছেন, পরে ব্যাট করার ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে তুলনামূলক সহজ লক্ষমাত্রা ছিল। ২০ ওভারে ১৯২ রান করার চেয়ে ছয় ওভারে ৬০ রান করা অনেক বেশি সহজ। পল কলিংউড সেদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির প্রয়োগে আগে ব্যাট করা দলই সবচেয়ে অনিরাপদ। কারণ একটি অদ্ভুত গাণিতিক মারপ্যাঁচে পুরো সমীকরণটাই উল্টে যায়।ক্রিকেটের বহুল আলোচিত ও সমালোচিত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়ে ইংলিশ অধিনায়ক পল কলিংউডের এসব উক্তির পর চুপ করে বসে নেই, যাঁরা এই আইনটি তৈরি করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ইংরেজ পরিসংখ্যানবিদ ফ্র্যাংক ডাকওয়ার্থ। তিনি তাঁর তৈরি এই আইনের সমালোচনা করার জন্য উল্টো পল কলিংউডেরই সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘আসলে সমস্যা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নয়, সমস্যা পল কলিংউডেরই।’ হতাশা থেকেই কলিংউড ক্রিকেটের এই সর্বজনস্বীকৃত আইনটির সমালোচনা করেছেন বলে মন্তব্য করেছেন তিনি। এত সমালোচনার জবাব খুঁজতে বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো দ্বারস্থ হয়েছিল পরিসংখ্যানবিদ ফ্র্যাংক ডাকওয়ার্থের। পল কলিংউড টি-টোয়েন্টি ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগে যেসব সমস্যা তুলে ধরেছেন, যেগুলো নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন, সেগুলো নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা করা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ডাকওয়ার্থ জানিয়ে দিয়েছেন, কেবল টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোনো আইন বা পদ্ধতি তৈরি করার কারণ তিনি দেখছেন না। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, এটা নিয়ে নতুন করে চিন্তার কোনো কারণ নেই। ইংল্যান্ডের অধিনায়ক পল কলিংউডের সমালোচনা করে তিনি বলেন, ‘২০০২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলনের পর ৭০টি ম্যাচের নিষ্পত্তি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হয়েছে। এর মধ্যে মাত্র দুটি ম্যাচের ফলাফল নিয়ে কথা উঠেছে। ঘটনাচক্রে দুটি ম্যাচই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডের, আর দুটিতেই ইংল্যান্ড হেরেছে। আরও মজার ব্যাপার হচ্ছে, দুটি ম্যাচেই ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন পল কলিংউড! ডাকওয়ার্থ বলেন, ‘সোমবারের ম্যাচে ইংল্যান্ডের ১৯১ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আসার আগেই রান রেটে এগিয়ে ছিল। ক্রিস গেইল ইনিংসের প্রথম ওভারেই রায়ান সাইডবটমকে মাঠের এদিক-ওদিক আছড়ে ফেলে ১৫ রান তুলেছিলেন। ইনিংসের প্রথম ১৪ বলেই ৩০ রান তুলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির বেইজ সমীকরণ থেকেও ১১ রান এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা যদি আবার না শুরু হতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ রানে জিতে যেত। আসলে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করার শুরুটাই ছিল ঝড়োগতির এবং সে কারণেই তাঁরা সুবিধা পেয়েছেন।’ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পরে ব্যাট করা দলের লক্ষমাত্রা ঠিক করা হয় বৃষ্টির বা অন্যান্য কোনো বাধার কারণে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত রান তাড়া করা দলটি রান রেটে কি অবস্থানে ছিল তার ওপর। এর পাশাপাশি বিবেচ্য বিষয়, ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার আগেও রান তাড়া করা দলটি কয়টি উইকেট হারিয়েছিল। দলটি যত কম উইকেট হারাবে, সুবিধা তত বেশি পাবে। আইসিসি স্বীকৃত এই পদ্ধতিটি সব মিলিয়ে এতটাই ধোঁয়াশাচ্ছন্ন যে পদ্ধতিটি অনেকের কাছেই পরিষ্কার না। আর যে পদ্ধতি সবার কাছে পরিষ্কার না, তা নিয়ে বিতর্ক তো থাকবেই। আর এ নিয়ে আইসিসির কোনো বক্তব্য এখনো পর্যন্ত জানা যায়নি।