ব্রিটেনে মুঠোফোনে আড়িপাতার ঘটনার রেশ এখনো মিলিয়ে যায়নি। এ ঘটনার জেরে ১৬৮ বছরের পুরোনো সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছে। পত্রিকার মালিক রুপার্ড মারডক ও তাঁর ছেলে ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। আর তাঁদের এই অপকীর্তি ফাঁস করে দিয়েছিল ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।এখন ব্রিটিশ পুলিশ এ ঘটনায় জড়াতে চাইছে গার্ডিয়ান-এর সাংবাদিকদের। সাংবাদিকদের সূত্র জানতে চায় তারা। এ জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে গতকাল শুক্রবার আদালতে আবেদন করা হয়েছে। গার্ডিয়ান-এর সাংবাদিক অ্যামেলিয়া হিল ও নিক ডেভিস শুধু ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস করেননি, এ ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতির বিষয়টিও তুলে ধরেন।তবে গার্ডিয়ান-এর সম্পাদক অ্যালেন রুসব্রিজার বলেছেন, ‘এই অপ্রত্যাশিত চাপ ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব।’লেবার পার্টির সাবেক মন্ত্রী টম ওয়াটসনও একসময় নিউজ ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতার শিকার হয়েছিলেন। গার্ডিয়ানকে সূত্র প্রকাশের জন্য পুলিশের আবেদন সম্পর্কে তিনি বলেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এক যুগ ধরে নিউজ ওয়ার্ল্ড অপকর্ম চালিয়ে গেল এবং পুলিশ এই গুরুতর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হয়েছে। এখন সেই পুলিশই গার্ডিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গার্ডিয়ানই একমাত্র পত্রিকা, যারা এই কেলেঙ্কারি প্রথম ফাঁস করেছে।পুলিশের এই ভূমিকায় সাংবাদিক ইউনিয়নকে পাশে পেয়েছে গার্ডিয়ান। ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের জন্য এটা বড় হুমকি। সরকারি গোপনীয়তা আইনের নাম করে যে কদর্য তত্পরতা শুরু হয়েছে, এর বিরুদ্ধে লড়বে ইউনিয়ন। তিনি আরও বলেন, সাংবাদিকেরা ফোনে আড়িপাতার ঘটনার অনুসন্ধান করেছেন এবং এর সত্যতা মানুষকে জানিয়েছেন। তাঁদের কোথায় অভিনন্দন না জানিয়ে অপরাধী বানানোর চেষ্টা করছে রাষ্ট্র।গত জুলাই মাসে নিউজ ওয়ার্ল্ড-এর ফোনে আড়িপাতার অপকীর্তি ফাঁস করে দেয় গার্ডিয়ান। এর পাশাপাশি মারডকের প্রতিষ্ঠানের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের বড় বড় পুলিশ কর্মকর্তাকে দহরম-মহরমের কাহিনি বেরিয়ে আসে পত্রিকার তদন্তে। এই ঘটনায় লন্ডন মহানগর পুলিশের (স্কটল্যান্ড ইয়ার্ড নামেই পরিচিত) কমিশনার ও সহকারী কমিশনার পদত্যাগ করতে বাধ্য হন। সেই পুলিশ এখন গার্ডিয়ানকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে। যদিও বিশ্লেষকেরা বলছেন, ‘সাংবাদিকদেরও দেশের আইন মেনে কাজ করতে হবে ঠিকই, তবে এটা ভুললে চলবে না যে একটা মুক্ত সমাজ গঠনের ভিতটাই যেন আমরা নষ্ট না করে ফেলি।’ তথ্যসূত্র: গার্ডিয়ান অনলাইন