জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উল্টো পথে চলছে নির্বাচন কমিশন (ইসি)। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বিভিন্ন মহল থেকে ইসিকে শক্তিশালী করার কথা বলা হলেও বর্তমান কমিশন নিজের ক্ষমতা খর্ব করতে উঠেপড়ে লেগেছে।ইসি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪১টি ধারায় ৫৭টি সংশোধনীর প্রস্তাব করে গত মাসে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সম্পূরক হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা (৯১-ই ধারা) বিলোপের প্রস্তাবও আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। এই প্রস্তাবের সঙ্গে সরকারি ও বিরোধী দলের নেতাদের অনেকে দ্বিমত পোষণ করলেও ইসি তাদের অবস্থানে অনড় রয়েছে। ইসির যুক্তি, যে আইন প্রয়োগযোগ্য নয়, তা রেখে লাভ কী! ইসি নিজের অবস্থানের পক্ষে আরও যুক্তি খোঁজার চেষ্টা করছে।বর্তমান কমিশন ২০১২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে চলেনি। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে সংবিধানের ১১৯ অনুচ্ছেদে ইসিকে একক ক্ষমতা দেওয়া হলেও তারা তা প্রয়োগ করেনি; বরং তারা এ কাজটি করার আগে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের ব্যক্তিত্বদের সঙ্গে পরামর্শ করেছে। বিশেষজ্ঞদের মতে, এ কাজে কারও মতামত নেওয়ার প্রয়োজন ছিল না। অন্যদিকে আরপিও সংশোধনের এখতিয়ার সংসদের। আর এ-সংক্রান্ত খসড়া আইন প্রণয়নের এখতিয়ার আইন মন্ত্রণালয়ের। নিজেদের একক কোনো কর্তৃত্ব না থাকা সত্ত্বেও এ কাজটি ইসি এককভাবে করেছে এবং নিজেদের দুর্বল করার প্রস্তাব করেছে। রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের প্রধান অংশীদার হলেও এ কাজটি করার আগে ইসি তাদের সঙ্গে পরামর্শ করেনি। পরামর্শ নেওয়া হয়নি নাগরিক সমাজ বা বিশেষজ্ঞ ব্যক্তিদেরও। আগের কমিশন এ ধরনের কাজ করার আগে দল ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছিল।জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, আরপিও সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবায়িত হলে কমিশন কী হারাবে আর কী পাবে, সে বিষয়ে কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হবে। তাঁর মতে, কমিশন যে প্রস্তাব করেছে, তাতে ইসির ক্ষমতা কমবে না।তবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, কমিশন এখন যেখানে আছে, তার চেয়ে আরও শক্তিশালী করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, হচ্ছে উল্টোটা। কমিশন নিজের ক্ষমতা ছেড়ে দিতে চাইছে। তিনি মনে করেন, আরপিও সংশোধনের ব্যাপারে আর কারও সঙ্গে না হলেও অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত। এ ক্ষেত্রে কমিশন আগের ধারাবাহিকতা রক্ষা করেনি। এভাবে চললে কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সে ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।সরকার ২০১১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বিলোপ করে। বিদ্যমান আইন অনুযায়ী, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এ প্রেক্ষাপটে সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে ইসিকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে। বিরোধী দল তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছে। এমন এক সময় কমিশন নিজের ক্ষমতা খর্ব করার প্রস্তাব করেছে। ইসিকে দুর্বল করার প্রস্তাব: আরপিওর ৯১-ই ধারায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির রয়েছে। বর্তমান কমিশন ধারাটি বাতিলের সুপারিশ চূড়ান্ত করেছে। ২০০৮ সালে এ ধারাটি আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সহিংসতার মাত্রা অস্বাভাবিক হারে কমে যায়। কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তাদের মতে, ইসির প্রার্থিতা বাতিলের ক্ষমতা বিলোপ করা হলে অতীতের মতো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে।ইসি সচিবালয়ের কর্মকর্তাদের মতে, আরপিও সংশোধনের বেশ কিছু প্রস্তাব যুগোপযোগী নয়। ১২ ধারায় বলা আছে, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মকর্তারা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। ইসির প্রস্তাবে খণ্ডকালীন কর্মকর্তাদের এর তালিকাভুক্ত করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীদের অনেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২৬ ধারায় ব্যালট পেপারে সিলের সঙ্গে কলম দিয়ে টিক চিহ্ন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের মতে, টিক চিহ্নের বিধান যুগোপযোগী নয়। কারণ, মানুষ সিল দিয়ে ভোট দিতে অভ্যস্ত। ২০০৮ সালে নির্বাচনে দলের তৃণমূল কমিটির তৈরি করা প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক ছিল। বর্তমান সরকার ২০০৯ সালে আইন থেকে ‘বাধ্যতামূলক’ শব্দটি বাদ দিয়ে তৃণমূল প্যানেলকে ‘বিবেচনায়’ নেওয়ার বিধান চালু করে। যে কারণে বর্তমানে তৃণমূলের প্রার্থী প্যানেলটি অর্থহীন হয়ে পড়েছে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের কেউ কেউ যোগ্য প্রার্থীদের সুবিধার্থে আগের বিধানটি ফিরিয়ে আনার প্রস্তাব করলেও কমিশন তা গ্রহণ করেনি।কমিশন নির্বাচনী অপরাধের সাজার পরিমাণ কমিয়ে আনার প্রস্তাব করেছে। যেসব ক্ষেত্রে অপরাধের জন্য সাত বছরের কারাদণ্ডের বিধান আছে, ইসি তা কমিয়ে পাঁচ বছর করার প্রস্তাব করেছে। পাঁচ বছরের সাজার পরিমাণ দুই থেকে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে অধিকাংশ নির্বাচনী অপরাধ নির্বাহী হাকিম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। মোবাইল কোর্ট আইন অনুযায়ী, নির্বাহী হাকিমেরা নির্বাচনী অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের সাজা ও জরিমানা করতে পারবেন। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, প্রশাসনে দলীয়করণের সংস্কৃতিতে নির্বাহী হাকিমদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা আশা করা যায় না। বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের ক্ষমতাসীন দলের হয়ে কাজ করার আশঙ্কা থাকে।কমিশন সচিবালয়ের কর্মকর্তারা মনে করেন, প্রস্তাবিত আরপিও বাস্তবায়িত হলে গুরুতর অপরাধীরা লঘুদণ্ড নিয়ে পার পেয়ে যেতে পারেন। আরপিওর ৮১ ধারায় ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের জন্য সর্বোচ্চ পাঁচ বছর এবং সঙ্গে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যেকোনো ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের অপরাধ করে ন্যূনতম সাজা ও জরিমানা দিয়ে পার পাওয়ার সুযোগ রয়েছে। বিদ্যমান আইনে এই অপরাধে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন তিন বছরের সাজা ও অর্থদণ্ডের বিধান রয়েছে।কমিশন নির্বাচনী আচরণবিধি সংশোধনের যে প্রস্তাব করেছে, তাতে দলীয় প্রধান এবং তাঁর মনোনীত ২০ জন নেতা/ব্যক্তির দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রধানমন্ত্রীসহ ২০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এই সুবিধা পাবেন। তবে গতকাল নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, আচরণবিধি সংশোধনের কাজ আপাতত হচ্ছে না। আরপিও সংশোধনের কাজ শেষ হলে তার আলোকেই আচরণবিধি সংশোধন করা হবে। এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান কমিশন করণীয় কাজ ফেলে উল্টো পথে চলছে। তাদের কর্মকাণ্ড সন্দেহজনক। তারা অপরাধের শাস্তির যে সুপারিশ করেছে, তাতে নির্বাচনী অপরাধ উৎসাহিত হবে।