উল্টো পথে যাত্রা শুরু করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিজের নতুন ছবি রানওয়ের প্রদর্শনীর আয়োজন করছেন তারেক মাসুদ। চট্টগ্রাম, সিলেট এবং খুলনার পর এবার ছবিটির প্রদর্শনী হবে ফরিদপুরে। ১৩ থেকে ১৫ জানুয়ারি ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে দিনের বিভিন্ন সময় এই প্রদর্শনীগুলো হবে। এখানে রানওয়ের সঙ্গে আরও দেখানো হবে তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি নরসুন্দর ও অ্যানিমেশন ছবি ঐকতান। কথা হলো তারেক মাসুদের সঙ্গে।সব নির্মাতা ঢাকাতেই তাদের ছবি মুক্তি দেন। আপনি ঢাকার বাইরের বিভিন্ন জেলাকে বেছে নিলেন কেন?এই প্রশ্নটি এখন আমাকে প্রতিদিনই শুনতে হচ্ছে। আসলে বেশির ভাগ ছবির প্রদর্শনী ঢাকাতেই শুরু হয়, আবার ঢাকাতেই শেষ হয়। কোনো কোনোটি ঢাকার বাইরে দুয়েক সপ্তাহ চলে। রানওয়ে তৈরি করার পর অনেকেই বলেছিলেন, এটি ঢাকার বাইরে দেখানো যাবে না, সমস্যা হতে পারে। কিন্তু আমি উল্টো পথে যাত্রা শুরু করেছি। এখন বলব, আমার সিদ্ধান্তটি মোটেও ভুল হয়নি। ঢাকার বাইরে প্রচুর দর্শক ছবিটি দেখছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখন ঢাকার পরিবেশক ও বিভিন্ন প্রেক্ষাগৃহ মালিকেরা রানওয়ের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।ছবির প্রদর্শনীগুলোতে আপনাকেই থাকতে হচ্ছে কেন?শুধু আমি না, সঙ্গে আরও আছে আমার স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং আমাদের আট মাস বয়সের ছেলে। আমি কিন্তু ছবির প্রদর্শনীর পাশাপাশি আরও কিছু কাজ করছি। এই যেমন ছবিটির ব্যাপারে দর্শকদের মতামত ধারণ করছি, স্থানীয় প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে তথ্য ও চিত্র ধারণ করছি। প্রেক্ষাগৃহগুলো রক্ষা করার জন্য স্থানীয়ভাবে আলোচনার আয়োজন করছি। আর এখানে অংশ নিচ্ছে সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ।‘ঐকতান’ ছবিটি কবে তৈরি করেছিলেন?এটি অ্যানিমেশন ছবি। ১৯৯০ সালে এটি তৈরি করেছিলাম। ঢাকায় কখনো দেখানো হয়নি। শুধু ভারতের একটি উৎসবে দেখানো হয়েছিল।খুলনার উৎসবে আপনার ‘আদম সুরত’ ছবির প্রদর্শনী হলো। শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর ছবিটি তৈরি করেছিলাম। এটি তৈরি করেছিলাম ১৬ মি.মি. প্রযুক্তিতে। আর এ কারণে গত প্রায় ২০ বছর আমরা ছবিটির কোনো প্রদর্শনী করতে পারিনি। এখন ছবিটি ডিজিটাল প্রযুক্তিতে ট্রান্সফার করা হয়েছে। রি-মাস্টারিং করার পর এখন থেকে নিয়মিত ছবিটি দেখাতে পারব। ২০ থেকে ২২ জানুয়ারি নড়াইলে ‘সুলতান মেলা’ হবে। ২৩ জানুয়ারি বিকেলে আমরা ওখানে আদম সুরত ছবির একাধিক প্রদর্শনী করব।‘রানওয়ে’র ব্যাপারে ফরিদপুরের দর্শকদের আগ্রহ কেমন মনে হচ্ছে?খুবই ইতিবাচক। এরই মধ্যে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছি। সবাই সহযোগিতা করছে। আজ ১২ জানুয়ারি ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযুদ্ধের পাওয়া-না পাওয়া নিয়ে গণমানুষের অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির কথার মুক্ত প্রদর্শনী হবে।