রিকি পন্টিংয়ের মনে কী ঝড় বইছে, সেটি সবচেয়ে ভালো বুঝতে পারার কথা ব্রায়ান লারার। চোখের সামনে ক্রিকেট-সাম্রাজ্য ধসে পড়তে দেখার অনুভূতিটা ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতির চেয়ে ভালো আর কে জানে!পন্টিংয়ের যন্ত্রণা অবশ্য লারার চেয়েও বেশি। লারাও স্বর্গ থেকে পতনের সাক্ষী। তবে তাঁর অভিষেকের কিছুদিনের মধ্যেই দূরে কোথাও ক্যারিবীয় সাম্রাজ্যে ভাঙনের সুরটা বাজতে শুরু করেছিল। পন্টিংয়ের ঘটনা তা নয়। অস্ট্রেলিয়ার প্রবল প্রতাপান্বিত রাজত্ব আর তাঁর শুরু প্রায় একই সঙ্গে। অথচ অস্ট্রেলিয়ার পতনের সঙ্গে সমার্থক হয়ে যাচ্ছে তাঁর নাম। অ্যাডিলেড টেস্টের পর অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে ছবিটা দেখে পন্টিংয়ের জন্য তাই মায়াই লাগছিল।ছবিটা খুব পরিচিত। তবে প্রায় দেড় দশক হকচকিত-বিধ্বস্ত ওই মুখটা ছিল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অধিনায়কের। একরকম অস্ট্রেলীয় রাজত্বের অবসানের ঘোষণা দিয়ে দেওয়া অ্যাডিলেড আরেকটি কারণেও পন্টিংয়ের বুকে বেশি বেঁধার কথা। এটি ছিল তাঁর ১৫০তম টেস্ট। সেটির উপহার—ক্যারিয়ারে মাত্র তৃতীয় ইনিংস পরাজয়ের গ্লানি। ব্যাট হাতে ‘গোল্ডেন ডাক’ ও ৯ রান!‘মেন্টাল ডিসইন্টিগ্রেশন’ তত্ত্বের জনক স্টিভ ওয়াহর কাছে ম্যাচের আগে-পরে সব কথাই ছিল মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ। হেরে যাওয়ার পরও তাই দুহাত তুলে আত্মসমর্পণ করার কথা ভাবতেই পারতেন না। রিকি পন্টিং অত কথার মারপ্যাঁচে নেই। এ কারণেই অ্যাডিলেড-লজ্জার পর অকপটে বলে দিয়েছেন, ‘উই ওয়্যার আউটব্যাটেড, আউটবোওল্ড, আউটফিল্ডেড বাই ইংল্যান্ড।’ অস্ট্রেলীয় অধিনায়কের মুখে সর্বশেষ কবে এমন অসহায় আর্তি শোনা গেছে, তা একটা গবেষণার বিষয় বটে।পন্টিংয়ের প্রতিক্রিয়াটা শুনে কেন যেন মার্টিন জনসনের বিখ্যাত সেই উক্তির কথা মনে পড়ে গেল। ১৯৮৬-৮৭ মৌসুমে মাইক গ্যাটিংয়ের ইংল্যান্ড যাবে অস্ট্রেলিয়া সফরে। ইংল্যান্ডের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় জনসন লিখলেন, ‘এই ইংল্যান্ড দলটার তিনটাই সমস্যা। ওরা ব্যাটিং করতে পারে না, বোলিং করতে পারে না আর ফিল্ডিং করতে পারে না।’ক্রিকেটমনস্ক পাঠকমাত্রই জানেন, মাইক গ্যাটিংয়ের দল সেবার অ্যাশেজ জিতে ফিরেছিল। মার্টিন জনসন তবু পিছু হটার লোক নন। তিনি বললেন, ‘রাইট কোট, রং টিম।’ অর্থাৎ তাঁর কথাটা ঠিকই ছিল, শুধু ইংল্যান্ডের বদলে দলটা হবে অস্ট্রেলিয়া! ১৯৯৭ সালে মার্টিন জনসনের ক্রিকেট-লেখার সংকলন নিয়ে প্রকাশিত বইটির নামও ক্যান্ট্ ব্যাট, ক্যান্ট্ বোওল, ক্যান্ট্ ফিল্ড!মজার ব্যাপার হলো, অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলীয় পত্রপত্রিকা পন্টিংয়ের দল সম্পর্কে ঘুরিয়ে-ফিরিয়ে মার্টিন জনসনের কথাটাই বলতে শুরু করেছে! যা পড়ি, তাতেই একটা গেল-গেল রব। বাকি বিশ্বের সামনে আদর্শ হয়ে ছিল অস্ট্রেলিয়ার যে ঘরোয়া ক্রিকেট, সেটিতেও হাজারো সমস্যা আবিষ্কৃত হচ্ছে এখন। ‘ব্রিং ব্যাক শেন ওয়ার্ন’ আওয়াজ উঠছে। অথচ গত তিন বছর টি-টোয়েন্টি ছাড়া আর কিছু খেলেনইনি ওয়ার্ন। অস্ট্রেলীয়দের চোখের সামনে নৃত্যপর হাজারো সর্ষে ফুলের ব্যাপারটি বুঝতে আর কী লাগে!অস্ট্রেলিয়ার দুরবস্থায় নিশ্চয়ই মন খারাপ, তবে চিরদিনের শোম্যান ওয়ার্ন তাঁকে নিয়ে এই আলোচনাটা নিশ্চয়ই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। লন্ডনের দ্য টাইমস পত্রিকায় লেখা কলামে এতে গর্বিত বোধ করার কথাও জানিয়েছেন। ওয়ার্নের কলামে সবচেয়ে মজা লাগল এই জায়গাটা পড়ে—‘অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা এখন যা বলছি, তার বেশির ভাগ আমরা ইংল্যান্ড সম্পর্কে সব সময় বলে এসেছি।’পাশার দান উল্টে যাওয়াতেই ওয়ার্ন ভদ্র করে বলেছেন। আসলে তো ওয়ার্ন-ম্যাকগ্রারা ক্যারিয়ার জুড়ে ইংল্যান্ডকে নিয়ে হাসাহাসিই করে এসেছেন। কে-ই বা করেনি! প্রতিবারই অ্যাশেজ শুরুর আগে ইংলিশ মিডিয়ার ‘হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা’ হুংকার শুনে আমি নিজেও তো কত হেসেছি! অ্যাশেজেও যে লড়াই-টড়াই হয়, অনেককেই তো তা প্রথম জানাল ২০০৫-এর ওই সিরিজ! মাঝখানে একটা সিরিজ ‘পুনর্মূষিকোভব’ গল্পটা মনে করিয়ে দিয়েছিল। পরেরটি আবার জানাল, অ্যাশেজে পালাবদল একটা হচ্ছেই।অ্যাডিলেড জানাল আরও ভালো করে। ব্রিসবেনের শেষ তিন দিনও কি নয়! সিরিজের দুই টেস্ট শেষে মোট নয়জন খেলোয়াড়ের এক শর ওপরে গড়। পার্থক্যটা হলো, ইংল্যান্ডের চারজনই ব্যাটসম্যান (কুক ২২৫, বেল ১৪৪, পিটারসেন ১৩৫, ট্রট ১২১), অস্ট্রেলিয়ার পাঁচজনের মধ্যে চারজনই বোলার (ডোহার্টি ১০২, নর্থ ১১০, বলিঞ্জার ১৩০, হিলফেনহস ১৪২)!অ্যাডিলেডে ওই বীরত্বগাথার পর ইংলিশ মিডিয়ার স্বাভাবিকভাবেই উদ্বাহু হয়ে নাচার কথা। তবে যতটা ভেবেছিলাম, অতটা নয়। হলেও দোষ দেওয়া যেত না। অস্ট্রেলিয়ায় গিয়ে কম অপমান তো সইতে হয়নি তাদের। মাঠে দল হেরেছে, পরদিন গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে অস্ট্রেলীয় পত্রপত্রিকা। ওয়ার্ন-ম্যাকগ্রাদের সময়ই যেমন এক অস্ট্রেলীয় পত্রিকায় বিশাল হেডিং হয়েছিল—‘ইংল্যান্ডে কি এমন কেউ নেই যে ক্রিকেট খেলতে পারে?’জন ক্রলির গল্পটা শুনেছিলাম এক ইংলিশ সাংবাদিকের কাছে। অ্যাডিলেড না মেলবোর্নে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন ইংলিশ ব্যাটসম্যান, গ্যালারি থেকে কিশোর-তরুণদের একটা দল যা-তা বলে যাচ্ছে। ক্রলি বিরক্ত হয়ে বললেন, ‘অস্ট্রেলিয়ার স্কুল-কলেজে কি আচার-ব্যবহার কিছু শেখায় না?’ এক তরুণ উত্তর দিল, ‘না, শেখায় না। তবে ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, সেটি শেখায়।’ইংল্যান্ডের কি এসব কথা ফিরিয়ে দেওয়ার দিন আসছে?