উল্টো সরকারকেই দায়ী করলেন নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার দায় সরকারের ওপর চাপিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি দাবি করেছেন, সরকার পরিকল্পিতভাবে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে অভিযান পরিচালনার পটভূমি তৈরির জন্য রাজশাহীকে বেছে নিয়েছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে একজন ছাত্রকে হত্যা করে এখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শনিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্ড সভাপতিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এসব কথা বলেন।নিজামী বলেন, কয়েক দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হত্যার ঘটনাকে কেন্দ্র করে সরকার ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস শুরু করেছে।উল্লেখ্য, গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে তাঁর লাশ ম্যানহোলে ফেলে দেয়। সেদিন ছাত্রলীগের আরও চার কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয় শিবিরের ক্যাডাররা।আজ এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে নিজামী উল্টো সরকারকেই এই ঘটনার জন্য দায়ী করেন। তিনি বলেন, সরকার গত ১ বছরে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা থেকে জাতির দৃষ্টি ভিন্নখাতে ফেরানোর উদ্দেশ্যেই মিথ্যা অজুহাতে সরকার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। তিনি অবিলম্বে রাজশাহী মহানগর জামায়াতর আমির আতাউর রহমান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আহসানউল্লাহসহ জামায়াত-শিবিরের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা প্রমুখ বক্তব্য দেন। জামায়াতের সাংসদ হামিদুর রহমান আজাদ এ সময় উপস্থিত ছিলেন।