উল্লাপাড়ার সরষে খেতে মৌচাষিদের ভিড়
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরষের মাঠগুলো এখন মৌচাষিদের ভিড়ে জমজমাট। মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা। দূর থেকেই চোখে পড়ে হলদে প্রান্তরে এলোমেলো সাজানো অজস্র কাঠের বাক্স। ওই বাক্সের মধ্যেই থাকে মৌমাছির মাচা। প্রতিটি বাক্সে একটি রানি মৌমাছির নেতৃত্বে সহস্রাধিক মৌমাছি সরষে ফুল থেকে মধু সংগ্রহ করে সঞ্চয় করে এ মাচায়। আর মাচায় জমানো মধু তুলে নেন মৌচাষিরা।প্রতিবছরই সরষে গাছে ফুল ধরলে মৌচাষির দল আসে এখানে। ওদের বেশির ভাগই আসে খুলনা, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে। উল্লাপাড়ার বিভিন্ন এলাকার মাঠে এবার প্রায় ৬০টি দল মধু সংগ্রহের কাজ করছে। প্রতিটি দলে সদস্যসংখ্যা চার-পাঁচজন। প্রতিটি দলে মধু সংগ্রহের বাক্স রয়েছে ১২৫ থেকে ১৫০টি। এক থেকে দেড় মাস চলে এই মধু সংগ্রহের কার্যক্রম।দিনাজপুরের হাসনায়েন ফার্মের একটি দল মধু সংগ্রহের কাজ করছে উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর এলাকার মাঠে। এ ফার্মের প্রতিনিধি দলের প্রধান রফিকুল ইসলাম জানান, তাঁরা বছরের লিচু ও সরষে মৌসুমে দুবার মধু সংগ্রহ করেন। এর মধ্যে সরষে মৌসুমেই তাঁদের মধু সংগ্রহের পরিমাণ অনেক বেশি। সরষে ফুল থেকে প্রতি মৌসুমে প্রতি বাক্সের মাচা থেকে তাঁরা ২০ থেকে ২৫ কেজি করে মধু পায়। মধু আহরণের কাজে লাগানো মৌমাছিগুলো প্রতিপালন করেন তাঁরা। দেশি ও বিদেশি দুই জাতের মৌমাছি রয়েছে তাঁদের কাছে। তিনি জানান, তাঁদের বাক্সের সবই রয়েছে ইউরোপীয় জাতের মৌমাছি। এদের মধ্যে রানি মৌমাছির জাত হলো মিলিভেরা এবং অপর মৌমাছির জাত হলো ডোরসোটা। এসব মৌমাছি দেশি মৌমাছির তুলনায় বেশি মধু আহরণ করে থাকে। সরষের মাঠে তাঁরা খুচরা মধু বিক্রি করছেন ১৫০ থেকে ১৬০ টাকা কেজি এবং পাইকারি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। তবে এ মধু তাঁদের ফার্মে নিয়ে ফিল্টার করে বোতলজাত করার পর বিভিন্ন কোম্পানির কাছে তাঁরা ২৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করে থাকেন।রফিকুল ইসলামের মতো মধু সংগ্রহের এমন কাহিনি শোনালেন খুলনার হিরো ফার্মের প্রতিনিধি আব্দুস ছালামসহ আরও কয়েকজন। এদের কেউ কেউ আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের মুকুল থেকেও মধু সংগ্রহ করেন। সরষের মাঠে মধু সংগ্রহের ব্যাপারে উল্লাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা রওশন আলম জানান, মধু সংগ্রহের এ কর্মকাণ্ডে কৃষকেরা খুবই উপকৃত হচ্ছেন। কারণ মৌমাছি সরষে ফুলে বসায় পরাগায়ণ হয়ে থাকে। আর এতে ফলন বাড়ে। এ কারণে মৌচাষিদের সরষে মাঠে স্বাগত জানায় কৃষকেরা। বাংলাদেশে বেশি জমিতে সরষে চাষের একটি অন্যতম উপজেলা উল্লাপাড়া। এ বছর ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে সরষে চাষ হয়েছে। তিনি আরও জানান, এ বিপুল পরিমাণ সরষের জমিতে ৬০টি মধু সংগ্রহকারীর দল খুবই নগণ্য। এ জমিতে অন্তত ১৫০টি মধু সংগ্রহকারী দলের মধু সংগ্রহের সুযোগ রয়েছে। রওশন আলম জানান, দূরবর্তী জেলার মধু সংগ্রহকারী দলের ওপর ভরসা না করে স্থানীয় বেকার যুবকদের যদি মৌচাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের যদি মধু সংগ্রহের সরঞ্জাম ক্রয় ও মৌমাছি প্রতিপালনের জন্য বিনিয়োগ হিসেবে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায়, তাহলে একদিকে যেমন বেকার যুবকেরা মৌসুমি কাজের সুযোগ পাবে, পাশাপাশি উল্লাপাড়ায় এই বিপুল পরিমাণ সরষের জমি থেকে ১০ হাজার মণের বেশি মধু আহরণ করা সম্ভব হবে।