উল্লাপাড়ায় ইউএনও-ওসি বিরোধের ঘটনায় তদন্ত কমিটি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে সৃষ্ট বিরোধ তদন্তে কমিটি করা হয়েছে। মেলায় অবৈধ হাউজি খেলা বন্ধ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন গতকাল রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহির রায়হানকে প্রধান করে এক সদস্যের এ তদন্ত কমিটি করেছে। ২১ এপ্রিল থেকে কমিটি উল্লাপাড়ায় তদন্তকাজ শুরু করবে বলে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।প্রসঙ্গত, উল্লাপাড়া পৌরসভার চরঘাটিনা গ্রামের মাঠে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চরঘাটিনা যুব উন্নয়ন সংঘ আনন্দ মেলার আয়োজন করে। ১৫ এপ্রিল রাতে উল্লাপাড়ার ইউএনও অতুল সরকার মেলায় হাউজি বন্ধ করতে গেলে ওসি তাজুল হুদার সঙ্গে কথাকাটাকাটি হয়। পরদিন ১৬ এপ্রিল ইউএনও স্থানীয় সাংবাদিকদের কাছে ওসি তাজুল হুদার বিরুদ্ধে জনসম্মুখে তাঁর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেন। এ ব্যাপারে গত ১৭ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘হাউজি বন্ধ করে দিলেন ইউএনও’—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।