উল্লাপাড়ায় ওএমএসের ৯৫ বস্তা চাল আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরবাজার থেকে খোলা বাজারে বিক্রির জন্য (ওএমএস) বরাদ্দ দেওয়া ৯৫ বস্তা চাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়। এ সময় চালবাহী ট্রাকসহ চালক হাফিজার রহমানকে পুলিশ আটক করে। তাঁর বাড়ি উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে। আটক চালের পরিমাণ আট হাজার ৭৫ কেজি; যার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা।ভ্রাম্যমাণ আদালতপ্রধান উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ওই চাল উল্লাপাড়া এলএসডি গুদাম থেকে উত্তোলন করে উল্লাপাড়া বাজারে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ওএমএস ডিলার ময়দান আলী প্রামাণিক ও আমিনুল ইসলাম এই চালের মালিক। ঘটনার সময় এঁরা দুজনই পালিয়ে যান।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, উপজেলার খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের পরিদর্শক নূর মোহাম্মদ বাদী হয়ে ওই দুই ডিলার ও ট্রাকচালককে আসামি করে আজ শুক্রবার সকালে উল্লাপাড়া থানায় একটি মামলা করেছেন। আটক চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ট্রাকসহ উল্লিখিত ৯৫ বস্তা চাল থানা হেফাজতে রাখা হয়েছে।