উল্লাপাড়ায় গরু দিয়ে ধান খাওয়াচ্ছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শেষ হয়ে যাচ্ছে। বর্ষার পানি কিংবা বৃষ্টির দেখা নেই তেমন একটা। কৃষকদের মাঠে বোনা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে গরু দিয়ে এসব ধান খাওয়াচ্ছেন কৃষকেরা। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়নে চার হাজার ৪৯০ হেক্টর জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। এই আমন ফসলের পুরোটাই নির্ভর করে পানির ওপর। কৃষকেরা মূলত বর্ষা বা বৃষ্টির পানির ওপর নির্ভর করেই প্রতিবছর তাঁদের জমিতে এই ধান লাগান। উল্লাপাড়ার কয়ড়া, ভেটুয়াকান্দি, নাগরৌহা, ভদ্রকোল, শ্যামপুর, ফলিয়া ও পুকুরপাড় গ্রামে গিয়ে দেখা গেছে, পানি না থাকায় বিবর্ণ হয়ে গেছে ধানগাছ। অধিকাংশ মাঠেই গরু দিয়ে ধান খাওয়ানো হচ্ছে। ভেটুয়াকান্দি গ্রামের কৃষক আফাজ উদ্দিন তাঁর জমির এক পাশে দাঁড়িয়ে গরু দিয়ে ধান খাওয়াচ্ছিলেন। তিনি বলেন, এবার তিনি চার বিঘা জমিতে আমন ধান বুনেছেন। প্রতি বিঘায় তাঁর খরচ হয়েছে প্রায় এক হাজার ৩০০ টাকা। কিন্তু এ বছর বৃষ্টি বা বর্ষার পানি না থাকায় তাঁর খেতের ধান নষ্ট হয়ে যাচ্ছে। অগত্যা তিনি তাঁর পালের পাঁচটি গরু নিয়ে এসে খেতের ধান খাওয়াচ্ছেন। উল্লাপাড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা আজমল হক জানান, তাঁদের হিসাবে উপজেলার প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির ধান এখন পানির অভাবে নষ্ট হওয়ার পথে। অবশিষ্ট ৯৫০ হেক্টর জমি অপেক্ষাকৃত নিচু এলাকায় হওয়ায় সেখানে কিছু পরিমাণ পানি রয়েছে। এসব ধানে ফলন হওয়ার সম্ভাবনাও রয়েছে।