উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাদুলী দক্ষিণপাড়া গ্রামে অর্পিত সম্পত্তির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এবং আজ বুধবার সকাল আটটার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে অন্তত সাতজনের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের কিছু অর্পিত সম্পত্তি নিয়ে জাহাঙ্গীর আলম ও ছয়ফল সরকার পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে জাহাঙ্গীর আলমের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গতকাল সন্ধ্যায় ও আজ সকালে প্রতিপক্ষের লোকজন ও বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে ইউনুছ আলী, ইছহাক আলী, আক্কাস আলী, জামান উদ্দিন, হাশেম আলী, মোজাহার হোসেন, ইউসুফ আলী, বেলাল হোসেন, আ. মোমিন, শহিদুল ইসলাম, আবু মুছা ও আমজাদ হোসেনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রামে লুটপাটের শিকার শহিদুল ইসলাম জানান, তাঁর বাড়ি থেকে সংঘর্ষের সময় চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়সহ দেড় লক্ষাধিক টাকার সামগ্রী লুট করা হয়েছে।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এনে ওই গ্রামে মোতায়েন করা হয়েছে। এ মুহূর্তে সংঘর্ষে লিপ্ত হওয়া লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।