উল্লাপাড়ায় দুই সহোদরের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কুমারগাঁতী কবরস্থানের পাশ থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। সলংগা থানার পুলিশ আজ শুক্রবার ভোরে লাশ দুটি উদ্ধার করে।এঁরা হলেন—মনজু মিয়া (৪০) এবং রাসেদুল ইসলাম (৩৬)। এঁরা কুড়িগ্রামের উলিপুরের বদিউজ্জামানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি ট্রাক উদ্ধার করেছে।সলংগা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাছেদ জানান, নিহত মনজু ট্রাকের চালক এবং তাঁর ভাই রাসেদুল হেলপার। এঁরা দুই দিন আগে চট্টগ্রাম থেকে গমবোঝাই করে কুড়িগ্রামে ফিরছিল। পুলিশের ধারণা, কোনো ছিনতাইকারী চক্র পথে তাদের দুই ভাইকে খুন করে ট্রাকের গম নিয়ে নেয়। এরপর খালি ট্রাকে করে এদের লাশ ওই স্থানে ট্রাকসহ ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। দুই ভাইয়ের মুখে টেপমারা ছিল এবং দুজনেরই গলায় গামছা পেঁচানো ছিল। আবদুল বাছেদ বলেন, তাঁদেরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সলংগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।