উল্লাপাড়ায় পরীক্ষার্থীর হাতে কলেজশিক্ষক প্রহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক এইচএসসি পরীক্ষার্থীর হাতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম প্রহূত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উল্লাপাড়ার সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজশিক্ষকেরা শহরে এক প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে আজ রাত আটটার মধ্যে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার না করা হলে কাল থেকে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।প্রভাষক রফিকুল ইসলাম অভিযোগ করেন, গতকাল রোববার এইচএসসি পরীক্ষার গণিত প্রথম পত্র পরীক্ষা চলাকালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পরীক্ষার্থী আসিফ ইকবাল পাশের পরীক্ষার্থীর খাতা দেখে লেখার চেষ্টা করে। এ সময় তিনি (রফিকুল) তাকে বাধা দেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রফিকুল কলেজে আসছিলেন। পথে বিজ্ঞান কলেজ মোড়ে শিক্ষার্থী আসিফ পথচারীদের উপস্থিতিতে তাঁর (রফিকুল) গালে চড় ও ঘুষি দিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলাম কলেজে এসে শিক্ষকদের এ ঘটনা জানান।বেলা একটার দিকে উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে পৌর শহরের সব মাধ্যমিক ও কলেজশিক্ষকেরা প্রতিবাদ মিছিল বের করে ওই ঘোষণা দেন।সভা শেষে শিক্ষকেরা উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে প্রহূত রফিকুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় আসিফ ইকবালের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আসিফকে ধরার চেষ্টা চলছে।