উল্লাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রতিযোগিতামূলক এই খেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে স্কুলগুলো। নিজস্ব অঙ্গনের বাইরে ইউনিয়ন সদর ও উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে খেলার আনন্দ যেন অন্য রকম। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইউনিয়ন পর্যায়ে এই গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম রাউন্ডে সরকারি-বেসরকারি প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। খেলায় বিজয়ী দল ব্যান্ড বাজিয়ে রাস্তায়, পাড়ায় ও মহল্লায় নানা রঙেঢঙে আনন্দ মিছিল বের করছে। বর্ণাঢ্য এসব মিছিলে শিক্ষক-অভিভাবকসহ সাধারণ মানুষেরাও শরিক হচ্ছেন।উল্লাপাড়ার শ্রীবাড়ি হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না রায় জানান, তাঁর স্কুলের দলের ছেলেরা এই প্রথম তাদের মাঠের বাইরে সলপ উচ্চবিদ্যালয় মাঠে (সলপ ইউনিয়ন সদর) গিয়ে খেলার সুযোগ পেয়ে তিন-চার দিন আগে থেকেই আনন্দে মেতে ওঠে। স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা তাদের উৎসাহ দিয়ে খেলার জার্সি ও চকলেট কিনে দিয়েছেন। প্রথম রাউন্ডে এই স্কুলের দল খেলায় জিতলে স্কুল অঙ্গনে ফিরে তারা নেচেগেয়ে উৎসবে মাতে। এ সময় কোনো শিক্ষার্থীকেই ক্লাসে ফেরানো সম্ভব হয়নি। পঞ্চক্রোশী ইউনিয়ন চ্যাম্পিয়ন রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড় আমিরুল তার ভাষায় জানাল, ‘উপজেলা সদরে আকবর আলী কলেজ মাঠে অনেক দর্শকের সামনে জীবনের প্রথম ফুটবল খেলার সুযোগ পাইয়া ভীষণ খুশি। পরতি বছর (প্রতিবছর) এমন খেলার আয়োজন হলি আরও ভালো হয়।’ উল্লাপাড়া বঙ্গবন্ধু ফটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিশুদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এদের খেলাগুলোও হচ্ছে আকর্ষণীয়। শহর-গ্রাম সর্বস্তরের মানুষই শিশুদের এই খেলায় উৎসাহ ও সহযোগিতা দিচ্ছে। বিশেষত খেলার মাঠে শিশুদের মায়েদের ব্যাপক উপস্থিতি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করছে।