উল্লাপাড়ায় বাস খাদে, নয়জন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কে বাস খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের রাণীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল। নিহত ব্যক্তিরা সবাই ধানকাটার শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া পবিরাম গ্রামের আইয়ুব আলী (৩২), বগুড়ার ধুনট উপজেলার কুড়িগাতী গ্রামের চাঁদ মোহাম্মদ (৩৬), আলম মিয়া (৩০), গোলাম হোসেন (২২), মো.আব্দুর রাজ্জাক (২০) ও শাহ আলম (৩০)।পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনাগামী এম কে পরিবহন নামের যাত্রীবাহী বাসটি দুপুর ১২টার দিকে রানীনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের ছাদে থাকা যাত্রীরা পানিতে বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই ওই নয়জন মারা যান।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে সুজন, কৃষ্ণা, সিঁথি, শিল্পী, রুমাসহ বাকিদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।বাসের যাত্রী মেনাজ উদ্দীন বলেন, ‘রাস্তার ওপর ধানের খড় বিছানো ছিল। চাকা এর ওপর দিয়ে যাওয়ার সময় পিচ্ছিল খেয়ে এক পাশে চলতে থাকে। এর পর আমার আর কিছু মনে নেই।’হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন জানান, বাসটিতে অধিক যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বাঁ-দিকে মোড় নেয়। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি ডিগবাজি খেয়ে খাদের মধ্যে উল্টে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই শাহজাদপুর ও পাবনা জেলার ধানকাটার শ্রমিক। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।