উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজ রোববার সকালে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন উল্লাপাড়া উপজেলার চকচৌবিলা গ্রামের জয়দেব হালদার (৪০), বড়হর গ্রামের রঞ্জিত হলদার (৫৫) ও হাফিজুল ইসলাম (২৮)। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, ভ্যানে করে মাছ নিয়ে চারজন আজ সকালে সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী জয়দেব হালদারের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে রঞ্জিত হালদার ও হাফিজুল ইসলাম মারা যান। বর্তমানে আহত অবস্থায় ভ্যানের আরেক যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।