উল্লাপাড়ায় ১০ বছর ধরে নদীর চরে পড়ে আছে দুটি পন্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়া উপজেলার পারসোনতলা গ্রামের পাশে করতোয়া নদীর চরে প্রায় ১০ বছর ধরে ফেরি পারাপারে ব্যবহূত দুটি পন্টুন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সড়ক ও জনপথ বিভাগের এই পন্টুন দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে থাকায় মরিচা ধরে ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকারে খুলে নেওয়া হচ্ছে এর লোহালক্কর। পন্টুন দুটির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।সড়ক ও জনপথ বিভাগের উল্লাপাড়া উপবিভাগীয় প্রকৌশলীর (এসডিই) অফিস সূত্রে জানা গেছে, ২০০০ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলার সলপে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে সোনতলা খেয়াঘাটে তাঁর গাড়িবহর করতোয়া নদী পার করতে একটি ফেরি ও পন্টুন দুটো বগুড়া ফেরি বিভাগ থেকে আনা হয়েছিল। ফেরিটি নদীতে এখন পর্যন্ত ভাসমান (অব্যহূত অবস্থায়) রয়েছে। ওই সময় পন্টুন দুটো নদীর এক পাশে নিয়ে রাখা হয়েছিল। পরে নদীতে চর পড়লে পন্টুন দুটি চরে পড়ে থাকে।সড়ক ও জনপথ বিভাগের উল্লাপাড়া উপবিভাগীয় প্রকৌশলী বাদেশ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পন্টুন দুটি বগুড়া ফেরি বিভাগের। তারা (সড়ক বিভাগ) শুধু প্রয়োজনে এগুলো ব্যবহার করে থাকে। বাদেশ আলী পন্টুন দুটি নষ্ট হয়ে যাওয়া ও এর লোহালক্কর খোয়া যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি বগুড়া ফেরি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার ফেরি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় ৩০ লাখ টাকা মূল্যের পন্টুন দুটো দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। এ দুটো নিলামে বিক্রির ব্যবস্থা করতে তাঁরা একাধিকবার সংশ্লিষ্ট বিভাগের ঢাকার ফেরি প্ল্যানিং সার্কেলের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয় থেকে নিলামে বিক্রির অনুমোদন পেলে পল্টুন দুটো বিক্রি করে দেওয়া হবে।