উল্লাস-উচ্ছ্বাসে মুখরিত বর্ণমেলা (ভিডিও)
সারি সারি গাছের পাতায় জড়িয়ে আছে বর্ণমালা—ব খ অ ক। আর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রবেশদ্বার পেরিয়ে সবুজ মাঠে মুখে হাসির রাশি ফুটিয়ে এসেছে শিশুরা। এর সঙ্গে আছে ফাগুনের মিষ্টি বাতাস। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাস আর উল্লাসে আজ সাতসকালেই মেতে উঠেছে ‘প্রথম আলো’র ফেব্রুয়ারির বর্ণমেলা।সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সের বিশাল মাঠের চারপাশের স্টলগুলোতেও বর্ণের ছড়াছড়ি। কোনোটির নাম বর্ণোপহার, কোনোটির বর্ণভোজ কিংবা বর্ণপণ্ডিত। সব মিলিয়ে ১২টি স্টলের সবই বর্ণিল সাজে সেজেছে। মাঠের মধ্যখানে সজ্জিত মঞ্চে বর্ণমেলা শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। এর পরই আনন্দে মাতোয়ারা হাজারো শিশুকে নিয়ে নীলাকাশে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ সবার খুশিভরা উচ্ছলতার কথা জানিয়ে এই প্রথিতযশা শিক্ষাবিদ সুমধুর কণ্ঠে বলেন, ‘এখানে বর্ণের নানান রকম জিনিস সাজানো আছে। অনেকগুলো বুঝতে পারিনি, কিন্তু বর্ণপণ্ডিত যে কী, এটা বোঝা খুব মুশকিল। আবার ওদিকে আছে বর্ণভোজ। জিজ্ঞেস করলাম, বর্ণ খেতে হবে নাকি।’
উপস্থিত শ্রোতাদের মুখে হাসি ফুটিয়ে বাংলা ভাষার প্রতি দরদ আরও বাড়ানোর তাগিদ দিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘বাংলা ভাষা সত্যিকারের ভাষা হবে যদি প্রতিদিন আমরা এই ভাষাকে আমাদের জীবনের অন্তরঙ্গ করে রাখতে পারি। যদি উত্সবের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে শুধু উত্সব হবে, কিন্তু বাংলা ভাষার কী হবে, কে জানে!’তবে হাজারো শিশুর মাঝে কিন্তু নেই কোনো উদ্বেগ-উত্কণ্ঠা। তারা যেন পুরো মাঠ কাঁপাচ্ছে তাদের ভাষার দক্ষতা দেখাতে। বিজয়ীর বেশে ফিরতে যেন মুখিয়ে আছে ওরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লড়ে আবার যাচ্ছে বর্ণপ্রদর্শনীতে। বর্ণের পাণ্ডিত্যেও কম যাচ্ছে তারা। বর্ণের হাতেখড়ি তো আছেই। চার বছরের শিশু জাইম তো নিজের নামের ‘জ’ অক্ষর রঙিন কালিতে লিখে মহা খুশি; যেন পুরো পৃথিবী ওর হাতের মুঠোয়। জাইমের সঙ্গে থাকা ওর ভাই রনো ওর নামের ‘র’ অক্ষর লিখছে একই ঢঙে। অস্পষ্ট কণ্ঠে একুশে ফেব্রুয়ারিকে ওরা এভাবেই কাছে পেতে চায়।