কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় ১ মার্চ ‘ফাঁসির রায়ে তপ্ত বাংলাদেশ, নিহত ৪৪’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়: ‘একাত্তরে খুন, ধর্ষণ, লুটপাটসহ আটটি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রাণদণ্ড দিলেন ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। তাত্ক্ষণিকভাবে এই খবরে বাংলাদেশজুড়ে খুশির হাওয়া বয়ে যায়।‘জয়ধ্বনি করা হয় শাহবাগের প্রজন্ম চত্বরে। কিন্তু সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশের প্রায় সর্বত্র মৌলবাদী জামায়াতে ইসলামী ও তার ছাত্রসংগঠন ছাত্রশিবিরের কর্মীরা ব্যাপক হাঙ্গামা শুরু করেন। পুলিশ, জনতা ও জামায়াত-শিবিরের সংঘর্ষে নানা জায়গায় পুলিশের তিন সদস্যসহ অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন।...‘একাত্তরে পিরোজপুরের ত্রাস দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেইল্লা রাজাকার জামায়াতের সর্বোচ্চ নেতা, আগের আমলের সাংসদ। কিন্তু তাঁর দুষ্কর্মের সাক্ষীর অভাব ছিল না।...এদিন সকালে কড়া পাহারায় সাঈদীকে আদালতে হাজির করা হলে বিচারপতি রায় পড়া শুরু করেন। ২০টি মামলার আটটিতে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। তার মধ্যে দুটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।‘দলের নায়েবে আমির সাঈদীর মুক্তির দাবিতে এদিনও সকাল থেকে হরতালের ডাক দিয়েছিল জামায়াত। কিন্তু কোথাও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। হরতালকারীদেরও কোথাও সক্রিয় হতে দেখা যায়নি।...দুপুরে রায় ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়েন মানুষ। স্কুল-কলেজ থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে “জয় বাংলা” ধ্বনি দিতে থাকে। শাহবাগের তরুণেরা আন্দোলনের জয়ধ্বনি দেন।... কিন্তু সন্ধ্যার অন্ধকার নামার পরই পরিস্থিতি বদলে যায়। উল্লাসের বাংলাদেশ পরিণত হয় সন্ত্রাসের বাংলাদেশে।’