সেদিন ছিল রোববার, ৮ জুলাই। সকাল থেকেই ফয়’স লেকের দুয়ারে তরুণ-তরুণীদের দীর্ঘ সারি। পাহাড়, হ্রদ, সবুজ আর নানা রাইডে ভরা রাজ্যে এক এক করে গমন আর হই হই রব। একসঙ্গে এত মেধাবী প্রাণের পরশ কি এর আগে কখনো পেয়েছে রাজ্যটি! প্রায় চার হাজার মেধাবী ঝাঁক বেঁধে উল্লাস আর উৎসবে মেতেছে সারাটি দিন। এ যেমন মাইশা সারিয়াত, তাহিয়া তসলিম সিফাত হাসনায়েতদের একটু থামারও সময় নেই। পার্কে ঢুকেই মেতে উঠেছে ছুটোছুটিতে। এই রাইড থেকে ওই রাইড কিংবা দলবেধে পাহাড়ের খাঁজে সবুজের মাঝে হারিয়ে যাওয়া। আবার স্কুলজীবনের ফেলে আসা সদ্য পরিচিত মুখগুলো দেখে উল্লাসে চিৎকার ‘বন্ধ, কী খবর বল।’এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রুবায়েত ফাহিম বলেই ফেললেন, ‘অনেক বন্ধু কলেজে ওঠার পর অন্যান্য জায়গায় চলে গেছে। এখানে এসে অনেকের সঙ্গে আবার দেখা হলো। এটা খুবই ভালো একটা উদ্যোগ।’কৃতী প্রায় চার হাজার শিক্ষার্থীর অনেকে আবার এই প্রথম ফয়’স লেকে পা রেখেছে। কেউ কেউ আগে বন্ধু কিংবা পরিবার-পরিজনের সঙ্গে এসেছে। তাই বলে এতটুকু উৎসাহে ভাটা ছিল না। কলেজিয়েট স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ মিনহাজ বললেন, ‘আমি আগে এখানে আসিনি। তবে এবার সবার সঙ্গে আসতে পেরে খুবই ভালো লাগছে। জায়গাটা বেশ সুন্দর।’বলে রাখা ভালো, মেধাবী তরুণ-তরুণীরা এই সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা একই রকম পোশাক পরে সংবর্ধনাস্থান আলোকিত করেছিল। মুসলিম হাই স্কুলের শিক্ষার্থীরা পরেছিল ধূসর রঙের টি শার্ট। কলেজিয়েটের মেধাবীরা কালো টি শার্ট পরে দাপিয়ে বেড়াচ্ছিল সবখানে। আর সেন্ট প্লাসিড সাদা গেঞ্জিতে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছিল। এভাবে নামকরা সব স্কুলের শিক্ষার্থীরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল তারা কীভাবে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবে।সকালে পার্কে ঢোকার পর থেকেই ক্লান্তিহীন ছুটে চলা মেধাবীদের একপর্যায়ে খাবার সংগ্রহের ডাক পড়ে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা বিভিন্ন বুথে দাঁড়িয়ে তাঁদের সনদ ও খাবার দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে অনেকে আড্ডা আর ঘোরাঘুরিতে এত মগ্ন ছিল যে খাবারের সময়ই পার হয়ে যাচ্ছিল। শেষে হুড়মুড় করে খাবার সংগ্রহ করে। অনেকে আবার হ্রদের নৌকায় চড়তে চড়তে গলা ছেড়ে গানও গেয়েছে। কেউ কেউ হ্রদ পাড়ি দিয়ে ওয়াটার ওয়ার্ল্ডে গিয়ে কৃত্রিম ঢেউ আর ঝরনায় নিজেদের ভিজিয়ে নিয়েছে। একটা দল পাহাড়ের শেষদিকে বনের মধ্যে চেয়ারে বসে প্রকৃতির সান্নিধ্যে আড্ডায় মেতে ওঠে। এভাবে যার যেমন ইচ্ছা সেভাবেই সারা বেলা কাটিয়েছে মেধাবীরা। ডিজিটাল কিংবা মোবাইল ফোনের ক্যামেরায় এসব স্মৃতি ধরে রাখার কাজটিও সেরে নিতে ভুল করেনি তারা।মূল অনুষ্ঠান শুরুর সময় তারা আবার ভিড় করেছে মঞ্চের সামনে। প্রিয় শিল্পী ও ব্যক্তিত্বদের গান ও কথা শুনতেও এতটুকু ক্লান্তি দেখা যায়নি। নেচে-গেয়ে আনন্দ করে তারা। কেউ কেউ ছুটেছে প্রিয় শিল্পী ও ব্যক্তিত্বদের অটোগ্রাফ নিতে কিংবা সঙ্গে ছবি তুলতে। শুধু মেধাবীরা কেন, ছেলেমেয়ের প্রথম সনদ প্রাপ্তির সংবর্ধনার সাক্ষী হতে অনেকে মেধাবীর সঙ্গে মা-বাবাও ভিড় করেছেন পার্কে। তাঁরা এমন অনুষ্ঠানের জন্য আয়োজকদের কৃতজ্ঞতা জানালেন। যেমন ইব্রাহিম হোসেন। বেসরকারি এই কর্মকর্তা বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ। এই সংবর্ধনা তাদের অনুপ্রাণিত করবে।’এত মেধাবীকে একসঙ্গে পেয়ে নিজেদের ধন্য মনে করতেই পারে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কর্তৃপক্ষ। সেটা স্বীকারও করলেন ফয়’স লেক পার্কের মহাব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী। বলেন, ‘তোমাদের পেয়ে আমরা গর্বিত। তোমরা তোমাদের সাফল্য অব্যাহত রাখবে—এই প্রত্যাশা রইল।’এভাবে গান, অভিনন্দন আর নিজেদের উল্লাসের দিন পার হয়ে যায়।