উষ্ণ আতিথেয়তা ‘নতুন নীতির’ প্রকাশ
ভারত সরকারের আমন্ত্রণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর ও দেশটির উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তার উষ্ণ আতিথেয়তা ‘নতুন নীতির’ প্রকাশ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়ার চীন ও ভারত সফর: আওয়ামী লীগের অপপ্রচার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মওদুদ এ কথা বলেন। স্বদেশ মঞ্চ নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। মওদুদ বলেন, ‘ভারত এখন বুঝতে পেরেছে, কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে বাংলাদেশের গণমানুষের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। এ জন্য তারা নতুন নীতি ঘোষণা করেছে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি বাংলাদেশে এসে একই কথা বলেছিলেন। আজ বিরোধীদলীয় নেতার ভারত সফরের মধ্য দিয়ে এর প্রকাশ ঘটেছে।’ভারত বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের ওপর আর নির্ভর করতে চায় না, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ কারণেই ভারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা ভারতের এ নতুন নীতিকে সাধুবাদ জানাই।’মওদুদ বলেন, ‘ভারতের গণমানুষের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। অতীতে ভারতের সরকারগুলো বিশেষ করে কংগ্রেস সরকার বাংলাদেশের জনগণের ওপর আস্থা না রেখে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুললে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। ভারত এখন তাদের এ নীতির পরিবর্তন করেছে।’ অভিন্ন নদীর পানি বণ্টন, তিস্তার পানির হিস্যা, স্থল ও সমুদ্র সীমন্ত নির্ধারণসহ বাংলাদেশের সঙ্গে ভারতের কতগুলো অমীমাংসিত বিষয়ের কথা উল্লেখ করে মওদুদ বলেন, যুদ্ধ করে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। সমাধানের একমাত্র উপায় হচ্ছে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আলাপ আলোচনা।আলোচনা সভায় স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির নেতা এইচ এম আবদুল হালিম, ফজলুল হক, আবু নাসের মো. রহমতউল্লাহ ও এলডিপির নেতা শাহাদাত হোসেন।