উষ্ণ শহরে জলকেলি...
জ্যৈষ্ঠের ফল পাকা গরমে হাঁসফাঁস করছে নাগরিকেরা। দুপুরের দিকে যারা বাইরে বের হয়, তারা জানে পিচগলা রোদে কেমন তাতিয়ে ওঠে শরীর। পানিতে নেমে একটু দাপাদাপি করতে পারলে শরীরটা জুড়িয়ে যায়।কিন্তু নগরে সাঁতার কাটার মতো পুকুর বা নদী কোথায়? যেগুলো আছে, সেগুলোয় সাঁতরানোর মতো পরিবেশও নেই। তাই অনেকেই ঝুঁকছে নগরের সুইমিংপুলগুলোর দিকে। কেউ সাঁতার কাটছে শরীরচর্চার জন্য, কেউ বা জলকেলির জন্য আর কেউ যাচ্ছে শরীর জুড়াতে। আবার সাঁতার শিখতেও কেউ কেউ যাচ্ছে সুইমিংপুলে। কারণ, যারা সাঁতার জানে না, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে এগুলোয়।নগরের সব পাঁচ তারকা হোটেল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল, জাতীয় সুইমিং কমপ্লেক্স, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা সুইমিংপুল, ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল ও অফিসার্স ক্লাবের সুইমিংপুলে সাঁতার কাটা ও শেখার আয়োজন আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে আসা লালবাগের শফিকুল ইসলাম বলেন, ‘গরমে শরীর নিস্তেজ হয়ে যায়। শরীর খারাপ হলে মনও ভালো থাকে না। শরীর ও মন দুটোই ভালো রাখতে এখানে আসি সাঁতার কাটতে।’এদিকে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সাঁতারের প্রশিক্ষণ নিতে এসেছেন শান্তিনগরের রুহুল আমিন। তিনি বলেন, ‘শুধু গরমের আরামের জন্যই সাঁতার কাটতে আসিনি, এসেছি ছেলেমেয়েদের সাঁতার শেখাতে। কারণ, গ্রামের বাড়িতে যেতে হলে নদীপথে যেতে হয়। অনেক সময় নৌদুর্ঘটনা ঘটে। তাই জীবন বাঁচাতে সাঁতার অনেক দরকারি।’নগরের পাঁচ তারকা হোটেলগুলো জলকেলির আয়োজন নিয়ে বসে আছে। এর মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুইমিংপুলে অক্টোবর পর্যন্ত সাঁতার শেখার সুযোগ থাকছে। এখানকার হেলথ ক্লাবের ব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, ‘গ্রীষ্মের এই সময়ে শরীর-মনের প্রশান্তির জন্য অনেকে পানিতে ভিজতে চায় বা পুকুরে সাঁতার কাটতে চায়। তাই আমরাও এই সময়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য সাঁতারের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এতে বেশ সাড়া পাই। আর এখানকার সদস্য হয়ে ১২ মাসই এখানে সাঁতার কাটা যায়।’আরেক পাঁচ তারকা হোটেল বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়ক) রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলের হেলথ ক্লাবের কার্যকরী ব্যবস্থাপক আফতাব উল আজিম জানান, তাঁদের সুইমিংপুলও ১২ মাসই চালু থাকে। এখানে সদস্য হয়ে সাঁতারের প্রশিক্ষণও নেওয়া যায়। এখানে বড়দের ও ছোটদের জন্য দুটি আলাদা সুইমিংপুল আছে।রূপসী বাংলা হোটেলের (সাবেক হোটেল শেরাটন) সুইমিংপুলে আগামী ২৩ জুন থেকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। ছেলে-বুড়ো সবাই এখানে সাঁতার শিখতে পারবে—এমনটাই জানালেন রূপসী বাংলা হোটেলের বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক সাহিদুস সাদিক।ওয়েস্টিন হোটেলের হেলথ ক্লাবে শুধু পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুরা সাঁতার শিখতে পারে। এখানকার প্রশিক্ষক রাহাত হাসান খান জানান, সারা বছরই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।এ ছাড়া অফিসার্স ক্লাব সুইমিংপুল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল, জাতীয় সুইমিং কমপ্লেক্স, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলগুলোয় সারা বছরই সাঁতার কাটা ও শেখার ব্যবস্থা রয়েছে। এসব সুইমিংপুলে মহিলা-পুরুষ ও শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ বা সাঁতার কাটার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। এ ছাড়া সব সুইমিংপুলেই আছে দক্ষ প্রশিক্ষক।সাঁতারের একাধিক প্রশিক্ষক জানান, সুইমিংপুলের স্বচ্ছ পানি দেখেই ঝাঁপ দিতে ইচ্ছে করলেও এতে নামার কিছু নিয়ম-কানুন আছে। যেমন: কোনো ধরনের চর্মরোগ বা অন্য কোনো ছোঁয়াচে রোগ থাকলে সুইমিংপুলে আসা ঠিক নয়। সুইমিং পুলে নামার আগে অবশ্যই গোসল করে শরীর পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই সাঁতারের পোশাক পরে পুলে নামতে হবে। নগরের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোয় ঢুঁ মারলে পোশাকসহ সাঁতারের অন্যান্য উপকরণ পাওয়া যাবে।