উষ্ণতার খোঁজে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। আকাশে উঁকি মারছে না সূর্য। তাই শরীরও কাঁপছে। ঘরের বাইরে বেরিয়ে আগুন পোহাচ্ছে দরিদ্র লোকজন। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ভবন ছাড়িয়ে বস্তিগুলোর সামনের রাস্তা পেরিয়ে যেতে এমন দৃশ্য চোখে পড়বে। শুধু আগারগাঁওয়ের বস্তি নয়, রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় সব বস্তির সামনে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য। একটু উষ্ণতা পেতে পথের পাশে কাগজ কিংবা ছেঁড়া কাপড়-খড়কুটো পুড়িয়ে দরিদ্ররা দল বেঁধে আগুন জ্বালাচ্ছে। কোনো কোনো দলে আছে চার-পাঁচজন, কোথাও বা সংখ্যাটা আরও বেশি। নারী-পুরুষ-শিশু এক কাতারে, আগুনের চারপাশে ভিড় করছে সবাই। একটু উষ্ণতা চায় ওরা।আগারগাঁও বস্তিতে এদেরই একজন নাসিমা। বয়স হয়তো ৪০ ছাড়িয়ে গেছে তাঁর। তিনি বললেন, বস্তিতে ভাঙা টিনের ছোট ঘর, মেঝে কাঁচা। তাই ঠান্ডা অনেক বেশি। শীত থেকে বাঁচার পোশাকও তেমন নেই। এ জন্যই বাইরে এসে আগুনের সামনে দাঁড়িয়ে শীত তাড়াচ্ছেন। তাঁর সঙ্গে স্বামী ইনসাফ মিয়া ও দুই ছেলেমেয়েও আছে। তাঁরা বলেন, রাতের বেলা আবারও আগুন জ্বালাবেন। শীতের কাঁপুনি ঠেকাতে এ ছাড়া কোনো বিকল্প উপায় আপাতত নেই তাঁদের। নাসিমার ভাষায়, ‘মরণের চাইতে তো বড় কিছু হইত্যে ফ্যারে না।’তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে নাসিমার মতো অসহায় মানুষের কষ্টটা আরও বাড়বে। এখন পৌষ মাসের মাঝামাঝি। সামনে মাঘ মাস পড়েই আছে। আবহাওয়া অফিস বলছে, সামনে শীতের দাপট আরও বাড়বে। আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে ঢাকায় এটি ছিল সবচেয়ে কম তাপমাত্রা। দুপুর ১২টায় এটি সামান্য বেড়ে হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবারও কমে হতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস। এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিন-চার দিন ধরে এভাবেই শীত পড়ছে। তবে আজ শুক্রবার যেমন ঠান্ডা পড়েছে, তেমনটি এবারের শীত মৌসুমে ঢাকায় হয়নি।’ কারণ সম্পর্কে তিনি আরও বলেন, এখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে। উত্তর দিক থেকে বাতাস বইছে। আকাশে সূর্য নেই, মেঘ আছে। এ জন্য শীতে শরীর কাঁপছে। সাধারণত সূর্য উঠলে রোদের কারণে শরীরে কাঁপুনি কম হতো। তাপমাত্রা কমে পরিস্থিতির অবনতি না হলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা শীতের এমন অবস্থা থাকার আশঙ্কা আছে বলে জানান আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর জেলায়। সেখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে অনেকের যেমন সীমাহীন কষ্ট বাড়ে, তেমনি বাড়ে অনেকের আনন্দ। রাজধানীতে এখন গরম পোশাকের বাজারে রয়েছে বেশ উত্তাপ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের ফুটপাতের বাজারে সব ধরনের গরম পোশাকের দাম অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ১৫০ টাকার জ্যাকেটের দাম ছাড়িয়েছে ৩০০ টাকা। কদর বেড়েছে হাতমোজার। এক জোড়ার দাম ৬০ টাকা। দুই দিন আগে এটি বিক্রি হয়েছে ৪০ টাকায়। পায়ের মোজার দামেও একই অবস্থা। রাত প্রায় ১০টা পর্যন্ত গরম পোশাকের বাজারগুলো সরগরম থাকছে। ঢাকার গলি থেকে রাজপথে ভ্যানে করে এভাবেই চলছে গরম পোশাকের বেচাকেনা।