উসকানি থেকে বিএনপির নেতাদের বিরত রাখুন: তথ্যমন্ত্রী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহিংস ঘটনার ব্যাপারে বিএনপির নেতারা উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উসকানি থেকে বিএনপির নেতাদের তিনি যেন বিরত রাখেন।আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ফটিকছড়ির মতো জঘন্য, পৈশাচিক ঘটনা আরও ঘটানোর জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ওকালতি করছেন ও উসকানি দিচ্ছেন। গণতান্ত্রিক রাজনীতিতে এ ধরনের আচরণ দুঃখজনক।হাসানুল হক ইনু আরও বলেন, এ ঘটনায় খালেদা জিয়া রহস্যজনক কারণে নীরবতা পালন করছেন। এ হামলার ব্যাপারে গোয়েন্দারা আগে থেকে কিছু জানতেন কি না, এমন প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, অনেক সময় চোরাগোপ্তা হামলা চালানো হয়। তাই তথ্য নাও জানতে পারেন। তিনি ফটিকছড়ির হামলা পরিকল্পিত উল্লেখ করে বলেন, ১১ এপ্রিল দুপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল শান্তিপূর্ণ ছিল। কিন্তু তাঁদের ফাঁদে ফেলে হামলা করা হয়।চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের ভুজপুর এলাকায় গত ১১ এপ্রিল দুপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত ও ১৫০ জন আহত হন। হামলাকারীরা মিছিলের বহরে থাকা শতাধিক মোটরসাইকেল ও গাড়ি পুড়িয়ে দেয়।