ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাটে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় গতকাল ১০০ জনকে নির্দিষ্ট করে এবং অজ্ঞাতনামা প্রায় পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। ওই ঘটনায় ছাত্রলীগের মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ রুবেল এবং আওয়ামী লীগের ফারুক ইকবাল নিহত হন। এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই জামায়াত-শিবিরের সমর্থক বলে জানা গেছে। ওই দিন আওয়ামী লীগের মিছিলে হামলার উসকানিদাতা জামায়াতের সমর্থক মুসল্লি বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। ওই কর্মীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির শফিউল আলম নূরী রয়েছেন। বাকি ৩৩ জনও এলাকার বাসিন্দা। সবাই জামায়াত-শিবিরের সমর্থক বলে প্রশাসন নিশ্চিত করেছে। ফটিকছড়ি উপজেলার এই ইউনিয়ন বরাবরই জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। গত ইউপি নির্বাচনেও চেয়ারম্যান হন ইউনিয়ন জামায়াতের আমির শফিউল আলম নূরী। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবারের ঘটনা যে পরিকল্পিত, তা আমরা কোনোভাবে উড়িয়ে দিচ্ছি না। হামলার সময় জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের লোকজন ছিল। কিন্তু দুই সংগঠনের উদ্দেশ্য যে অভিন্ন ছিল না, তা আমরা তদন্তে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত হয়েছি।’ জেলা প্রশাসক বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার আগে ভুজপুর থানার ওসিকে জানিয়েছেন। বিষয়টি ভুজপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম জুনায়েদ বিন জালালকে জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এ টি এম পেয়ারুল ইসলাম। তাই মিছিলে হামলার ঘটনায় ওসি দায় এড়াতে পারে না।’ জেলা পুলিশের দায়িত্বশীল ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জেলা প্রশাসকের বক্তব্য স্পষ্ট করেন। ওই কর্মকর্তা বলেন, ঘটনার শুরুতে হেফাজতের সমর্থকেরা ছিলেন। পরিস্থিতি খারাপের দিকে চলে যাওয়ায় তাঁরা সরে যান। তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের সমর্থকেরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গাড়িতে আগুন দিয়েছেন। তদন্তে এসব বেরিয়ে আসছে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া জানান, হামলার ঘটনায় ১০০ জনকে নির্দিষ্ট করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী ভুজপুর থানার উপপরিদর্শক নুরুন্নবী চৌধুরী।ভুজপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম জুনায়েদ বিন জালাল গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার আগেই আমাদের মাদ্রাসার দুটি ফটক বন্ধ করে দিই, যাতে ছাত্ররা বাইরে যেতে না পারে। এর পরও ভিন্ন ভিন্ন পথে কেউ গিয়ে থাকলে সেটা আমাদের জানা নেই।’প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট মসজিদে কথিত হামলা ও আগুন দিতে সন্ত্রাসীরা ছুটে আসছে বলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। ঘোষণা দেওয়া ব্যক্তি জামায়াতের কর্মী বলে পুলিশ প্রশাসন একপ্রকার নিশ্চিত। তাঁকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এর জের ধরে চারদিক থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘেরাও করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়। পুড়িয়ে দেওয়া হয় শতাধিক গাড়ি। জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘মসজিদের মাইক থেকে মিথ্যা বলে উসকানি দিয়ে একটি মিছিলে হামলা চালানো হয়। ওই উসকানিদাতাকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি।’ আওয়ামী লীগের বক্তব্য: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, এটি পরিকল্পিত হামলা। মিছিলে কর্মসূচির খবর আগেই জানাজানি হওয়ায় জামায়াত-শিবির সংগঠিত হয়ে এ হামলা চালিয়েছে।১৪৪ ধারা প্রত্যাহার: গতকাল রাত আটটায় স্থানীয় প্রশাসন ভুজপুর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় গতকাল সন্ধ্যার পর আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছি।’ জানাজা ও দাফন: এদিকে নিহত তিনজনের জানাজা গতকাল শুক্রবার বিকেলে ফটিকছড়ি কলেজের মাঠে বিকেল সাড়ে পাঁচটায় সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাবেক সাংসদ ও রষ্ট্রিদূত নুরুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম অংশ নেন।জানাজার পর নিহত ব্যক্তিদের ফটিকছড়ির নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।