উসকানি নয়, সেনাবাহিনীর কাজের প্রশংসা করেছেন খালেদা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বক্তব্যে সেনাবাহিনীকে কোনো উসকানি দেননি। তিনি সেনাবাহিনীর কাজের প্রশংসা করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে তিনি দোয়া মাহফিলে অংশ নেন। খালেদা জিয়া চলে যাওয়ার পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাঁরা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছেন। এ ক্ষেত্রে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শরিক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান ফখরুল।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন, দেশদ্রোহী কারা তা জনগণই বিচার করবে। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের। এখন যে বিচার চলছে, তা দেশে ও বিদেশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় খালেদা জিয়ার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।