উসকানিতে সেনাবাহিনী বেরিয়ে আসবে না: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া যতই উসকানি দেন, সেনাবাহিনী বেরিয়ে আসবে না। সংবিধান অনুযায়ী দেশ চলবে। কারও উসিকানি বা পরামর্শে দেশ চলবে না বলে সেনাবাহিনী জানিয়েছে।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় নাসিম এসব কথা বলেন। ‘ফটিকছড়িতে জামায়াত-বিএনপির সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে’ বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগর শাখা এ প্রতিবাদ সভার আয়োজন করে। গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা বলেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নিজেদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। সরকারের প্রতি অনুগত থেকে তারা কাজ করে যাবে। কোনো ধরনের অসাংবিধানিক কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না।হেফাজতে ইসলামের সমাবেশে বিএনপির সমর্থনের সমালোচনা করে নাসিম প্রশ্ন করেন, ‘১৩ দফা সমর্থন করে আপনারা কি দেশকে অন্ধকার যুগে নিয়ে যাবেন?’ সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রই রাখা হবে। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে তালেবান রাষ্ট্র। ফটিকছড়িতে হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান চালানোর পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, ওই এলাকায় অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।’ তিনি দাবি করেন, এই হামলায় সাকা চৌধুরী ও তাঁর দলের মদদ দেওয়ার বিষয়টি কেউ অস্বীকার করতে পারে না।খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘এ ধরনের হামলা চালিয়ে ক্ষমতায় যেতে পারবেন না।’