উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ধাওয়া, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় এক মাদ্রাসা শিক্ষককে ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ওই শিক্ষক ও তাঁর সহযোগীদের বহনকারী তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসা শিক্ষকের নাম আজিজুর রহমান জিহাদী। তিনি সাতক্ষীরার বাসিন্দা।খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে ফুলবাড়িয়া গ্রামে ধর্মীয় আলোচনার অনুষ্ঠান চলছিল। এতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। রাত ১১টার দিকে আজিজুর রহমান বক্তব্য দেওয়া শুরু করেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি শেখ মুজিবুর রহমান ও শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। এ সময় উপস্থিত জনতার একাংশ আজিজুর রহমানকে ধাওয়া দেয়। তিনি তাঁর সহযোগীদের নিয়ে দৌড়ে পালিয়ে যান। তাঁকে ধরতে না পেরে উত্তেজিত জনতা তাঁদের বহনকারী তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ওই অনুষ্ঠানের আয়োজক আকমল হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।