চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলমগীর কবির চৌধুরীকে আটক করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর বাঁশখালীতে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় ‘উসকানি’র অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুৎমিশ জানান, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের কাতলগঞ্জ এলাকার একটি বাসা থেকে উপজেলা চেয়ারম্যান আলমগীরকে আটক করে। তাঁর বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উসকানির অভিযোগ রয়েছে।২৮ ফেব্রুয়ারি থেকে একটানা চার-পাঁচ দিন সহিংস ঘটনা ঘটে বাঁশখালীতে। এতে সংখ্যালঘু এক বৃদ্ধ নিহত এবং আরও অনেকে আহত হন। আগুন দেওয়া হয় সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।