উৎকণ্ঠা আর ভোগান্তিতে ঢাকাবাসী
বিএনপির বহুল আলোচিত আজকের মহাসমাবেশ কর্মসূচিতে লোক সমাগম ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। অন্যদিকে এত কিছুর পরও সমাবেশ সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। দুটি বিষয়ই ভাবিয়ে তুলেছে ঢাকাবাসীকে। কী থেকে কী হয়, রাজধানীবাসীকে সেই উৎকণ্ঠা ঘিরে ধরেছে।যাঁরা কর্মস্থলের দিকে ছুটছেন, তাঁদের পোহাতে হচ্ছে অপরিসীম দুর্ভোগ আর ভোগান্তি। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো বাস চলছে না। রাস্তায় থাকা অল্পকিছু রিকশা আর ভ্যানই এখন যাত্রীদের ভরসা। যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, মহাখালী এলাকায় আজ সকাল থেকে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। দুয়েকটি প্রাইভেট কার ছাড়া পুরো রাস্তা জুড়ে শুধু রিকশা আর ভ্যান চলাচল করছে। এসব এলাকায় মানুষের হাঁটাচলা খুব কম। দোকানপাটও রয়েছে বন্ধ। তবে রাজধানীতে কঠোর নিরাপত্তার বিষয়টি চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যদের অবস্থান।সড়ক ও নৌপথে ঢাকার সঙ্গে অন্য জেলাগুলোর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, এমনকি কোনো বাস আসেওনি। লঞ্চ চলাচলও বন্ধ।