সব প্রস্তুতি শেষ। আজ শনিবার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন। কিন্তু এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আজ ভোট গ্রহণের দিন এবং ভোটের পরে সংঘাত-হানাহানির আশঙ্কা করছেন রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা। কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে।রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ভোটের দিন তেমন ভালো কিছু আমরাও আশা করি না। তবে যেকোনো পরিস্থিতি সামাল দিতে আমাদের সব প্রস্তুতি রয়েছে।’নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশনের নিজস্ব নীরব পর্যবেক্ষকেরাও প্রতিবেদন দিয়ে বলেছেন, ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এরপর কমিশন ইউনিয়ন পর্যায়ে র্যাবের ক্যাম্প স্থাপনের ব্যবস্থা করেছে, যাতে কেউ ভোটারদের বাধা দিতে না পারে।ভোটের দিন হামলা-সংঘাতের আশঙ্কা সবচেয়ে বেশি বিএনপির। তবে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর কর্মী-সমর্থকদের মাঝে কিছুটা উৎসব ভাব রয়েছে। আওয়ামী লীগের সমন্বয়কারী, দলটির কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ দাবি করেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হবে। কোনো হানাহানির আশঙ্কা তিনি নাকচ করে দেন। তবে বিএনপি ‘সিন ক্রিয়েট’ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে প্রবেশের চেষ্টা করলে র্যাব-পুলিশ বাধা দেয়।বিএনপির অভিযোগ, আগে থেকেই ক্ষমতাসীন দলের এক হাজার বহিরাগত নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে। বিএনপির এ অভিযোগ আওয়ামী লীগ নাকচ করে দিলেও কিছু বহিরাগত যে গ্রামের ভেতরে আগে থেকে ঢুকে পড়েছে, সেটা এলাকার অনেকে স্বীকার করেছে।স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের একাধিক নেতা বলেন, তাঁদের বড় নেতারা সবাই এলাকা ছেড়ে চলে গেছেন। তবে শখানেকের মতো বাইরের কর্মী বিভিন্ন গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছে। তাদের বেশির ভাগই ঢাকা থেকে আসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তাও বহিরাগতদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক, এখানে বহিরাগতরা একটা সমস্যা। তাই বহিরাগতদের ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে অন্তত ৯০ শতাংশ বহিরাগত চলে গেছে ভয়ে।’ তিনি বলেন, এখানকার দুই প্রার্থীই ভালো। তবে তাঁদের লোকজন অনেকে খুব খারাপ। তারা প্রতিহিংসাপরায়ণ। যে কারণে এখানকার প্রায় প্রতিটি নির্বাচনে হতাহতের ঘটনা ঘটেছে।হামলা-সংঘর্ষ: গতকাল সন্ধ্যায় বিএনপির একদল কর্মী লাঠিসোঁটা নিয়ে লালমোহন বাজার মোড়ে হামলা করেন। তাঁরা দুটি বাস, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকান ভাঙচুর করে। একপর্যায়ে তারা থানার দিকে ছুটে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। আধা ঘণ্টা ধরে তারা উপজেলা সদরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় নয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কর্মী ও পথচারী রয়েছেন। বদরপুরে দুই এজেন্টকে কুপিয়ে আহত করার দাবি করে বিএনপির কর্মীরা এভাবে প্রতিবাদ জানায়। শহরে র্যাব-পুলিশ টহল দিচ্ছে, দোকানপাট বন্ধ রয়েছে। লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের ছয়জন ও বিএনপির মহিলাসহ নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অনেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।আহত মো. মঞ্জু প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েকজন আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির সমর্থকেরা তাঁদের দা দিয়ে কুপিয়ে আহত করে।একই ঘটনায় আহত নয়জন বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের লালমোহনের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আহত হুসনে আরা বলেন, তাঁরা বিএনপির সমর্থক। তাঁকেসহ বাড়ির অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।গতকাল দুপুরে হাফিজউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাসার সামনের খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে অনেকটা অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। অন্তত ৩০ জন আহত ব্যক্তি সেখানে চিকিৎসা নিচ্ছেন, যাঁদের বেশির ভাগই গত এক সপ্তাহে প্রতিপক্ষের হামলায় আহত হন। কয়েক দিন ধরেই হাফিজউদ্দিনের বাসায় আহত দলীয় কর্মীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল হাফিজউদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হাসপাতালে তাঁদের আহত লোকজনকে সন্ত্রাসীরা ঢুকতে দেয় না। আর থানায় অভিযোগ করলেও পুলিশ সেগুলো আমলে নেয় না।এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘হামলার কথা শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।’ বৃহস্পতিবার রাত থেকে বেলা আড়াইটা পর্যন্ত লালমোহন থানায় কোনো গ্রেপ্তার নেই বলেও ওসি জানান।এদিকে বিএনপির নেতারা অভিযোগ করেন, এ পর্যন্ত নির্বাচনী এলাকার ১৭টি স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে তাঁদের অন্তত ৩০০ জন কর্মী আহত হয়েছে। কিছুদিন ধরে হাফিজউদ্দিনের পক্ষে প্রচারকাজে অংশগ্রহণকারী খুলনার দলীয় সাংসদ নজরুল ইসলাম লিখিত কাগজ দেখিয়ে এসব হামলার ঘটনার হিসাব দেন সাংবাদিকদের। পরে হাফিজও একই তথ্য দেন।জানতে চাইলে পুলিশ সুপার বশির আহমেদ স্বীকার করেন, কিছু ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণেও কিছু অভিযোগ আসে, সব অভিযোগ সত্য হয় না। যত হামলা-সংঘর্ষের কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে তত ঘটনা ঘটেনি।যেসব হামলার ঘটনা ঘটেছে, তাতে কী ব্যবস্থা নিয়েছেন—এ প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমরা এখন নির্বাচন কমিশনের অধীন। তাই রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যে যে ব্যবস্থা নিতে বলছে, সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে।’হাফিজের পোলিং এজেন্ট-সংকট: হাফিজউদ্দিনের পক্ষে বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্ট পাওয়া যাচ্ছে না। এ জন্য নির্বাচনী এলাকার বাইরে থেকে দলীয় লোকজনকে বেশ কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। হাফিজউদ্দিনের অভিযোগ, তাঁর সম্ভাব্য পোলিং এজেন্টদের অনেককে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। এ জন্য ভয়ে স্থানীয় লোকজন এজেন্ট হতে সাহস পাচ্ছে না।এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী বাইরের এজেন্ট দিতে বাধা নেই।এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমন্বয়কারী তোফায়েল আহমেদের আপত্তি রয়েছে। তিনি বলেন, বহিরাগত কেউ না থাকার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে হাফিজউদ্দিন বহিরাগতদের পোলিং এজেন্ট নিয়োগ করছেন।