উৎকণ্ঠায় জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টিতে উৎকণ্ঠা বাড়ছে। হাইকোর্টের রায়ে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল ও এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণার পর দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে। এর সঙ্গে যোগ হয়েছে দলীয় চার সাংসদের সদস্যপদ হারানোর শঙ্কা।জানা গেছে, এইচ এম এরশাদ আদালতের রায়কে প্রকাশ্যে স্বাগত জানালেও চরম মানসিক অস্বস্তিতে ভুগছেন। আর এ পরিস্থিতিতে জাতীয় সংসদের ২৯টি আসনের অধিকারী এ দলটির প্রধান এরশাদ গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।প্রায় এক ঘণ্টার এ বৈঠক সম্পর্কে এরশাদ বিস্তারিত বলতে রাজি হননি। তবে আদালতের রায় এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি প্রথম আলোকে বলেছেন।বৈঠক শেষে দুপুর দুইটার দিকে এরশাদ রংপুরের উদ্দেশে রওনা হন। কাল মঙ্গলবার তিনি ঢাকায় ফিরবেন বলে দলীয় সূত্র জানায়।জাতীয় পার্টির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তম সংশোধনীর রায় হওয়ার আগের দিন পর্যন্ত এরশাদ মানসিকভাবে অস্থির ছিলেন। তখন তাঁর কাছে খবর ছিল, রায়ে তাঁর শাস্তির ঘোষণা থাকতে পারে। তবে রায়ে অবৈধ ক্ষমতা দখলের শাস্তি কী হবে, সে ব্যাপারে সংবিধানে আইন পাসের ওপর আদালত মত দেন। অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলের দায়ে এরশাদের শাস্তি হবে কি না, তা ঠিক করবে সরকার কিংবা সংসদ। এ অবস্থায় এরশাদের আর আওয়ামী লীগের বাইরে যাওয়ার সুযোগ কম।অবশ্য এরশাদ প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টি তার নিজের রাজনীতি করবে। জোটগতভাবে জাতীয় পার্টি মহাজোটের শরিক হিসেবেই থাকবে। তিনি দাবি করেন, আদালতের রায়ে তিনি বিচলিত নন। যা করা হয়েছে তা ওই সময়ের প্রয়োজনেই করা হয়েছিল।চার সাংসদের সদস্যপদ নিয়ে সংকট: জাতীয় পার্টির চার সাংসদের সদস্যপদ হারানোর আশঙ্কা দলটির রাজনীতিতে নতুন মাত্র যোগ করেছে। এই চার সাংসদের মধ্যে দলের মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, তাঁর স্ত্রী নাসরিন জাহান, টাঙ্গাইলের আবুল কাশেম ও সাতক্ষীরার এইচ এম গোলাম রেজা রয়েছেন। এর মধ্যে ১৬ আগস্ট শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সাংসদ গোলাম রেজার সদস্যপদ কেন বাতিল করা হবে না, তা নির্বাচন কমিশনে জানতে চেয়েছে হাইকোর্ট।এর আগে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেমের সদস্যপদ বাতিল করেন হাইকোর্ট। তা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। আর মিথ্যা তথ্য দেওয়ায় দলটির মহাসচিব রহুল আমিন হাওলাদার এবং পৌরসভার চেয়ারম্যান হয়ে নির্বাচন করায় নাসরিন জাহানের সদস্যপদ ঝুলে রয়েছে।দলের একাধিক নেতার মতে, মহাজোটের শরিক হয়েও তাঁদের এ দুরবস্থা জাতীয় পার্টির রাজনীতির জন্য সুখকর নয়।এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি এবং বিমানের পরিচালনা পরিষদের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এ নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন। তিনি গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেনও। প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি। এ নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও করণীয় নির্ধারণে আলোচনা করেছেন। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এ ব্যাপারে জি এম কাদেরকে ‘ধীরে চলো’ নীতিতে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।