উৎপাদন বাড়াতে বস্ত্রকলের মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সরকারের দেওয়া সুযোগ-সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করে বস্ত্রখাতে কর্মদক্ষতা, মান ও উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার জন্য বস্ত্রকলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।আজ শনিবার সকালে হোটেল শেরাটনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত তিন দিনব্যাপী টেক্সবাংলা ২০১০-এর উদ্বোধনকালে বস্ত্রখাতের উন্নয়নের জন্য সরকারের দেওয়া সহায়তা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষির পর এই খাতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান সম্ভব। এ জন্যই সরকার সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও এই খাতে উত্সাহব্যঞ্জক প্রণোদনা দিয়ে আসছে।বস্ত্রখাত বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছে বলে মতপ্রকাশ করে শেখ হাসিনা বস্ত্রখাতের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বস্ত্রখাতের উদ্যোক্তাদের এ খাতের উন্নয়নে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনাদের উদ্যোগ আর সরকারের সাহায্য-সহযোগিতার সমন্বয়ে এ খাতে সাফল্য আসবেই।’প্রধানমন্ত্রী দেশের বিদ্যুত্ ও গ্যাসের ঘাটতির কথা উল্লেখ করে বলেন, এই সমস্যা তাদের তৈরি করা নয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছর এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এ দুটি খাতে কোনো উন্নয়ন হয়নি। প্রতিবছর বিদ্যুতের চাহিদা গড়ে ৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গত সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুত্ও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিটিএমএর সাবেক সভাপতি সালমান এফ রহমান ও বর্তমান সভাপতি আবদুল হাই সরকার।