উৎপাদন ভালো, সরবরাহ পর্যাপ্ত, তবু বাড়ছে চালের দাম
বাজারে এখন মোটা চালের দর কেজিপ্রতি ২৬ থেকে ২৮ টাকা। গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। চালের দামের প্রভাবে বাড়ছে মূল্যস্ফীতির চাপ।অর্থনীতিবিদেরা মনে করছেন, মোটা চালের কেজি ২৫ টাকা হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু ২৭-২৮ টাকা হলে তা অবশ্যই অযৌক্তিক। এ ক্ষেত্রে সরকারের নজরদারির প্রয়োজন আছে।দেশের ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ছয় কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। দিনে তাদের আয় ৭০ টাকারও কম। এদের মধ্যে আবার প্রায় দেড় কোটি চরম দরিদ্র মানুষ আয় করে দিনে ২৫ টাকারও কম। অর্থাৎ এক দিনের আয় দিয়ে এক কেজি চালও কিনতে পারে না এসব হতদরিদ্র মানুষ।গ্রামের মানুষ তার আয়ের ৬৩ শতাংশই খরচ করে খাদ্য কিনতে। শহরের মানুষকে খরচ করতে হয় আয়ের ৪৯ শতাংশ। এ কারণে খাদ্যপণ্য বিশেষ করে প্রধান খাদ্য চালের দাম বাড়লে বিপাকে পড়ে সব ধরনের নির্ধারিত আয়ের মানুষ।পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে এখন মূল্যস্ফীতির হার ৭ দশমিক ২৪ শতাংশ। বর্তমান সরকারের আমলে এটাই মূল্যস্ফীতির সর্বোচ্চ হার। এর অর্থ হচ্ছে, আগে যে পণ্য কিনতে ১০০ টাকা লাগত, সেই একই পণ্য কিনতে এখন লাগছে ১০৭ টাকা ২৪ পয়সা। সুতরাং মূল্যস্ফীতির সঙ্গে টিকে থাকতে হলে আয়ও বাড়তে হবে সমান হারে। কিন্তু নির্ধারিত আয়ের মানুষের তা হয় না বলেই বিপাকে থেকে যায় তারা।চালের দাম বাড়লেও এর দর নিয়ে উভয় সংকটে আছে সরকার। একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তাদের কম দামে চাল খাওয়ানোর চাপ, অন্যদিকে খাদ্যনিরাপত্তা বজায় রাখতে ধান-চালের ন্যায্যমূল্য নিশ্চিত করার বাধ্যবাধকতা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম দেব মনে করেন, চালের দর ২৫ টাকার কম হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, তবে ২৭-২৮ টাকার বেশি হলে তা হবে অযৌক্তিক। তিনি বলেন, ধানের দাম এখন ১২ টাকা। এক কেজি চাল পেতে দেড় কেজি ধান লাগে। এর সঙ্গে চাল উৎপাদনের প্রক্রিয়াসহ সব ধরনের খরচ ও কৃষকের মুনাফা ধরলে চালের বাজারদর ২৫ টাকার কম হওয়া উচিত নয়।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে এখন মোটা চালের দর কেজিপ্রতি ২৬ থেকে ২৮ টাকা, পাইজাম ও লতাজাতীয় মাঝারি মানের চালের দর ৩২ থেকে ৩৬ টাকা এবং নাজিরশাইল ও মিনিকেটজাতীয় সরু চালের দর ৩৫ থেকে সর্বোচ্চ ৪৪ টাকা পর্যন্ত। গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ, মাঝারি মানের চালের ১৩ এবং সরু চালের দাম বেড়েছে ১১ শতাংশ।উত্তম দেব প্রথম আলোকে বলেন, বর্তমানে উপকরণের যে ব্যয় এবং যে ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, তাতে চালের দাম কমানোর সুযোগ নেই বললেই চলে। কমাতে হলে অন্তত পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা হাতে নিতে হবে।চালের দাম বাড়লেও বর্তমানে বাজারে চালের প্রাপ্যতার কোনো সংকট নেই। যদিও বোরো চালের সঠিক উৎপাদন পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে মার্চে। মূলত এ সময়েই ব্যবসায়ীরা চাল ধরে রাখবেন, না ছেড়ে দেবেন, সে সিদ্ধান্ত নেবেন। তার আগ পর্যন্ত চালের দাম নিয়ে নানা ধরনের প্রাক্কলন চলতেই থাকবে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। ফলে বাজারে দামেরও ওঠা-নামা থাকবে।কুষ্টিয়া চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আগামী বৈশাখের আগে বাজারে নতুন ধান পুরোপুরি উঠবে না, এ কথাটি ব্যবসায়ীদের মাথায় আছে। আর এ সুযোগে অনেকেই ধারণক্ষমতা অনুযায়ী আগামী তিন মাসের চাল মজুদ রেখেছেন। ফলে বাজারে দাম বেড়ে যাচ্ছে।চাল নিয়ে দেশে কোনো সংকট না থাকলেও আন্তর্জাতিক বাজার খুব একটা ভালো অবস্থায় নেই। তবে এক মাস আগে যে অস্থিরতা ছিল, তা খানিকটা কমে এসেছে। খরায় উৎপাদন কম হওয়ায় ভারত চাল রপ্তানির পরিবর্তে আমদানির সিদ্ধান্ত নেওয়ায় বাজার অস্থির হয়ে উঠেছিল। এতে চালের রপ্তানি মূল্য বেড়ে ৬০০ ডলার ছাড়িয়ে যায়। এখন অবশ্য পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড গত ২৮ জানুয়ারির দরপত্রে ভালো দাম না পাওয়ায় প্রায় চার লাখ টন চাল বিক্রি করেনি বলে ব্যাংকক পোস্ট খবর ছেপেছে। তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, চালের দাম নিয়ে অনিশ্চয়তা সহজে কাটবে না।উত্তম দেব মনে করেন, লক্ষ্যমাত্রা এক কোটি ৯০ লাখের বিপরীতে যদি বোরোর উৎপাদন এক কোটি ৭৫ লাখ টন হয়, তা হলেও বাংলাদেশে খুব একটা সমস্যা হবে না। দেশে উৎপাদন ভালো হওয়ায় এখন পর্যন্ত আমদানি করতে হয়নি। ফলে চালের দাম বাড়ার আপাতত তেমন কোনো কারণ নেই। তিনি সরকারকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।