উৎপাদনে বাম্পার, দামেও বাম্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়জোর দেড় কেজি হবে লাউটির ওজন। এক দাম ৫০ টাকা। তবে একসঙ্গে দুটি কিনেছেন বলে দাম ১০ টাকা কম। একুনে নব্বই টাকায় দুটি লাউ কিনে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মুনির উদ্দিন বললেন, ‘কারসজি বুঝলেন, কারসাজি। বিক্রেতারা প্ল্যান করে এসব করছে। বাজার ভরা শাকসবজি। দাম এমন চড়া হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের আর কী করার আছে?’ গতকাল শনিবার দুপুরে হাতিরপুল বাজারে সবজির দোকানে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। যে লাউ এখানে প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে, খোঁজ নিয়ে দেখা গেল, একই আকারের লাউ কারওয়ান বাজারের পাইকারি বাজারে দাম ২৫ টাকা। সাধারণত নরসিংদী ও বগুড়া থেকে আসে এসব লাউ। সেখানে কৃষকেরা এই লাউ বিক্রি করেন আরও কম দামে। নরসিংদীতে দাম ১৫ টাকা এবং বগুড়ায় এর দাম ১০ থেকে সর্বোচ্চ ১৩ টাকা। এই হলো ঢাকার কাঁচাবাজারের অবস্থা। শীতের সবজির গরম দামে ক্রেতারা জেরবার।যশোর, বগুড়া, নরসিংদী— এসব এলাকা দেশের সবজি উৎপাদনের প্রধান অঞ্চল বলে খ্যাত। এই এলাকাগুলোর আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, এলাকায় এ বছর শীতে সবজির ফলন কৃষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বহুল প্রচলিত কথায় ‘বাম্পার ফলন’। তবে সেই প্রচলিত অচলায়তন ভাঙেনি। বাম্পার ফলন সত্ত্বেও মাঠপর্যায়ে কৃষকেরা আশানুরূপ দাম পাচ্ছেন না। অথচ খুচরা বাজারে চলছে দামের বাম্পার।শীতের মৌসুম আবহমানকাল থেকেই আমাদের দেশে হরেক রকমের শাকসবজির সম্ভারে সমৃদ্ধ। অনেক সবজি বাজারে আসায় দামও এ সময় বছরের অন্য সময়ের চেয়ে ঢের কম থাকে। এ বছর তার ব্যতিক্রম। বাজারে প্রচুর সরবরাহ সত্ত্বেও দামের পারদ প্রথম থেকেই সেই যে চড়ে আছে, নামার গতি তার বড়ই ধীর।গতকাল ঢাকার বেশ কয়েকটি খুচরা ও পাইকারি কাঁচাবাজারে ঘুরে দেখা গেল, মহানগরেই পাইকারি দামের সঙ্গে খুচরা দামের বিস্তর ফারাক। এমনকি খুচরা দামেরও বেশ তারতম্য রয়েছে এক বাজারের সঙ্গে অন্য বাজারের। তুলনামূলকভাবে নিউমার্কেট কাঁচাবাজারে দর অন্য বাজারের চেয়ে চড়া। কিছুটা কমে বেচাকেনা হচ্ছে পুরান ঢাকার ঠাটারী বাজারে। এ ছাড়া শান্তিনগর, হাতিরপুল—এসব এলাকার বাজারে দর প্রায় অভিন্ন। শীতের প্রধান কয়েকটি সবজির ঢাকায় খুচরা ও পাইকারি এবং উৎপাদন এলাকায় পাইকারি দরের তুলনামূলক চিত্র এ রকম:আলু: কারওয়ান বাজারের পাইকারি বাজারে আলুর দাম মান অনুসারে ১০ থেকে ১২ টাকা কেজি। ঠাটারী বাজারে খুচরা পাওয়া যাবে ১৩ থেকে ১৫ টাকায়, অন্যত্র ১৬ থেকে ১৮ টাকায়। নরসিংদীতে এর পাইকারি দাম আট টাকা। বগুড়ায় লাল আলুর পাইকারি দাম ১০ টাকা কেজি, এই আলু ঢাকায় বিক্রি হচ্ছে ২৪ টাকায়।মুলা: ঢাকায় খুচরা সাদা মুলা ১৪ ও লাল ১৮ টাকা কেজি। পাইকারি ১০ ও ১২ টাকা। বগুড়ায় কৃষকেরা বিক্রি করছেন প্রতি কেজি তিন টাকা এবং নরসিংদীতে ছয় টাকা হালি (প্রায় দেড় কেজি)।সিম: খুচরা ২৪ টাকা কেজি থেকে বাজার ভেদে ৪০ টাকা পর্যন্ত। ঢাকায় পাইকারি ২০ থেকে ২২ টাকা কেজি। যশোরে ১৪ টাকা, নরসিংদীতে ১৭ টাকা ও বগুড়ায় ১৮ টাকা।বাঁধা ও ফুলকপি: পাতাকপি খুচরা প্রতিটি ২০-২৫ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা পর্যন্ত। পাইকারি পাতাকপি ১৫ টাকা, ফুলকপি ১৩ টাকা। যশোরে এর দাম যথাক্রমে আট টাকা ও ১০ টাকা, নরসিংদীতে ১০ টাকা ও বগুড়ায় গড়ে আট টাকা।বেগুন: খুচরা কেজি লম্বা বেগুন ২৮ টাকা, গোল ৩০ এবং গফরগাঁওয়ের বেগুন ৬০ টাকা। ঢাকায় পাইকারি ১৫ টাকা কেজি। নরসিংদীতে ১০ টাকা, যশোরে ১৩ টাকা ও বগুড়ায় ১৫ টাকা।টমেটো: খুচরা মান ও বাজার ভেদে ৪০ থেকে ৭০ টাকা কেজি। ঢাকায় পাইকারি ২৫ থেকে ৩৫ টাকা। বগুড়ায় পাইকারি ১৮-২০ টাকা, যশোরে ২৫ টাকা। ঢাকায় কাঁচা টমেটো খুচরা ২৪ টাকা কেজি ও নরসিংদীতে পাইকারি দর আট টাকা।পেঁয়াজ: ঢাকায় নতুন ছোট দেশি পেঁয়াজ ৫০ টাকা, বড় ৬০ টাকা। পাইকারি গড়ে ৪০ টাকা। ভারতীয় বড় পেঁয়াজ নিউমার্কেটে ১৪০ টাকা কেজি। বগুড়ায় দেশি পেঁয়াজ পাইকারি ২৮-৩০ টাকা, যশোরে ৩৫ টাকা কেজি।এ ছাড়া ঢাকার খুচরা ও পাইকারি বাজারে শীতের অন্যান্য সবজির দরের তারতম্যও যথেষ্ট। গাজর খুচরা ২০-২৫ টাকা কেজি, কিন্তু পাইকারি দরে ১৫-১৮ টাকা। করলার খুচরা দর ৪০-৪৫ টাকা ও পাইকারি ৩০ টাকা। মটরশুঁটি খুচরা বাজারে ৬০-৮০ টাকায় বিক্রি হলেও পাইকারি বাজারে এর দর ৪৫ টাকা কেজি। একইভাবে শালগম ও ওলকপি খুচরা ১৬ টাকা, পাইকারি ১০ টাকা কেজি; কাঁচা মরিচ খুচরা ৪০ টাকা, পাইকারি ৩০ টাকা; রসুন দেশি খুচরা ১৩০ টাকা, পাইকারি ১০০ টাকা। এর মধ্যে আবার এক দানা রসুন খুচরা ২৩০ টাকা, পাইকারি ১৮০ টাকা। আদা খুচরা দেশি ৭০ টাকা ও চীনা ১০০ টাকা। পাইকারি বাজারে দেশি আদার কেজি ৬০ টাকা।শাকের মধ্যে হেলেঞ্চা, মুলা, সরিষা, পালং, লাল, পুঁই, মেথি, বথুয়া, লাউ—এসব বিকোচ্ছে ৫ থেকে ১০ টাকা আঁটি (আনুমানিক ২৫০ থেকে ৫০০ গ্রাম)। নরসিংদী এলাকায় এসবের পাইকারি দাম পাঁচ টাকা কেজি।এই ভরা মৌসুমে উৎপাদন এলাকার সঙ্গে খুচরা ক্রেতার হাতে এসে পৌঁছাতে শাকসবজির দামের এই ফারাকের কারণ সম্পর্কে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা—সবারই কিছু গৎবাঁধা জবাব আছে। তাঁরা বলেন, ‘উৎপাদন কম’। উৎপাদন বেশি হলে ‘পথে পরিবহন খরচ, নানা ঘাটে চাঁদা প্রদান’ ইত্যাকার বহু অজুহাতই তাদের মজুদ আছে। মোট কথা হলো, উৎপাদন যেমনই হোক, ঘুরেফিরে খুচরা ক্রেতাদের চড়া মূল্য দেওয়ার দুর্গতি থেকে নিষ্কৃতি মিলছে না কিছুতেই।